বাংলাদেশে বিমান চলাচলের জ্বালানি জেট ফুয়েলের দাম কয়েক দফা বৃদ্ধির পর এবার কমানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী প্রতি লিটার জেট ফুয়েলের দাম ২২ টাকা ৩৫ পয়সা কমানো হয়েছে।
বিইআরসি জানিয়েছে, আজ বৃহস্পতিবার (৭ মে) মধ্যরাত থেকে নতুন এই দাম কার্যকর হবে। এর আগে গত ৭ এপ্রিল প্রতি লিটার জেট ফুয়েলের দাম প্রায় ২৫ টাকা বাড়ানো হয়েছিল। তারও আগে, ২৪ মার্চ এক দফায় জেট ফুয়েলের দাম ৯০ টাকা বৃদ্ধি করা হয়।
নতুন সমন্বয়ের ফলে দেশের অভ্যন্তরীণ ফ্লাইটের জন্য প্রতি লিটার জেট ফুয়েলের দাম ২২৭ টাকা ০৮ পয়সা থেকে কমে ২০৫ টাকা ৪৫ পয়সায় নেমে এসেছে। আন্তর্জাতিক ফ্লাইটের ক্ষেত্রেও জ্বালানি তেলের দাম কমানো হয়েছে। সেখানে প্রতি লিটার জেট ফুয়েলের মূল্য ১ দশমিক ৪৮০৬ ডলার থেকে কমিয়ে ১ দশমিক ৩৩৮৫ ডলার নির্ধারণ করা হয়েছে।
বিইআরসি জানিয়েছে, ৫ এপ্রিল থেকে ৪ মে পর্যন্ত সময়ে আন্তর্জাতিক বাজারে জেট এ-১ এর গড় প্ল্যাটস রেট বিশ্লেষণ করে এই মূল্য সমন্বয় করা হয়েছে। বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন আইন অনুযায়ী অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক ফ্লাইটের জন্য ভোক্তাপর্যায়ে এই নতুন দর নির্ধারণ করা হয়েছে।

