শাপলা চত্বরের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় দুই সাংবাদিক ফারজানা রুপা ও মোজাম্মেল হক বাবুর গ্রেফতার প্রসঙ্গে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের হস্তক্ষেপ কাম্য নয় বলে মন্তব্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম।
আজ রোববার (২৪ মে) দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে নিজ কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন। সংবাদ সম্মেলনে আওয়ামী লীগের বিরুদ্ধে দলগতভাবে কোনো তদন্ত চলছে কি না—এমন প্রশ্নের জবাবে চিফ প্রসিকিউটর বলেন, এ বিষয়ে তার কাছে নির্দিষ্ট কোনো তথ্য বা ধারণা নেই।
তিনি জানান, জুলাই আন্দোলন ঘিরে মানবতাবিরোধী অপরাধের মোট ৩১টি মামলার তদন্ত এখন শেষ পর্যায়ে রয়েছে। সংশ্লিষ্ট তদন্ত কার্যক্রম দ্রুত এগিয়ে নেওয়া হচ্ছে বলেও জানান তিনি। এ সময় আলোচিত সাগর-রুনি হত্যা মামলার প্রসঙ্গও তুলে ধরেন চিফ প্রসিকিউটর। তিনি বলেন, দীর্ঘ সময় পার হলেও এ মামলার তদন্ত শেষ না হওয়া অত্যন্ত দুঃখজনক।
মো. আমিনুল ইসলাম আরও বলেন, ট্রাইব্যুনালে দায়িত্ব নেওয়ার পর তিনি সাতটি মামলা পুনরায় তদন্তের নির্দেশ দিয়েছেন। এসব মামলার চার্জশিট আগামী ঈদের পর জমা দেওয়া হবে বলেও জানান তিনি।

