ঢাকা বিশ্ববিদ্যালয় মেট্রো স্টেশন সোমবার (১৪ জুলাই) বিকেল ৫টা থেকে সাময়িকভাবে বন্ধ রাখা হবে। তবে এই সময়েও মেট্রোরেলের অন্যান্য স্টেশনে ট্রেন চলাচল স্বাভাবিক থাকবে। কেবল ঢাবি স্টেশনে কোনো ট্রেন থামবে না।
এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে মেট্রোরেল পরিচালনাকারী প্রতিষ্ঠান ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)। প্রতিষ্ঠানটির প্রশাসন বিভাগের ব্যবস্থাপক রফিকুল ইসলাম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, “জুলাই গণ-অভ্যুত্থান পুনর্জাগরণ” উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানমালার কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ঢাকা বিশ্ববিদ্যালয়কেন্দ্রিক অনুষ্ঠান সংক্রান্ত একটি কমিটির সুপারিশ ও সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের কার্যবিবরণীর ভিত্তিতে স্টেশনটি সোমবার বিকাল ৫টা থেকে বন্ধ রাখা হবে।
ডিএমটিসিএল আশ্বস্ত করেছে, এ সময়েও পুরো রুটজুড়ে মেট্রোরেল চলাচল স্বাভাবিক থাকবে। যাত্রীরা অন্যান্য স্টেশন ব্যবহার করে নির্ধারিত গন্তব্যে যাতায়াত করতে পারবেন।

