চাঁপাইনবাবগঞ্জ-১ (শিবগঞ্জ) আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে একটি জনমত জরিপে ভোটের স্পষ্ট চিত্র উঠে এসেছে। অস্ট্রেলিয়া ও জার্মানিভিত্তিক গবেষণা সংস্থা ‘গণ ভাবনা’ গত জুন মাসে জরিপটি পরিচালনা করে। এতে অংশ নেন ২ হাজার ১৩৯ জন বৈধ ভোটার, যাদের মধ্যে ৫৮ শতাংশ ছিলেন পুরুষ এবং ৪২ শতাংশ নারী।
জরিপের ফলাফলে দেখা গেছে, আসন্ন নির্বাচনে এই আসনে বড় ব্যবধানে এগিয়ে রয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। শতকরা ৫৩ ভাগেরও বেশি ভোটার মনে করেন, বিএনপির প্রার্থী বিজয়ী হবেন। দ্বিতীয় অবস্থানে রয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী, যাদের পক্ষে মত দিয়েছেন ২২ শতাংশ ভোটার। এছাড়া জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর পক্ষে রয়েছেন প্রায় ৩.৫ শতাংশ ভোটার।
জরিপটি জেলার ১৫টি ইউনিয়ন ও ১টি পৌরসভায় পরিচালিত হয় এবং প্রতিটি এলাকাতেই বিএনপির জনপ্রিয়তা সর্বাধিক বলে উঠে এসেছে।
তবে শুধু দলের জনপ্রিয়তা নয়, ব্যক্তিপর্যায়ের পছন্দও জরিপে উঠে এসেছে। প্রার্থীর দিক বিবেচনায় ৩৮ শতাংশ ভোটার মনে করেন, আওয়ামী লীগের অনেক সমর্থক বিএনপির সম্ভাব্য প্রার্থী শাহজাহান মিয়ার প্রতি ঝুঁকতে পারেন। এসব ভোটারের প্রধান চাহিদা হিসেবে উঠে এসেছে অবকাঠামোগত উন্নয়ন, আইন-শৃঙ্খলার উন্নতি ও নিত্যপণ্যের মূল্য নিয়ন্ত্রণ।
জরিপে আরো দেখা গেছে, ৭২ শতাংশ ভোটার কোনো সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারের মতামতের প্রভাবের বাইরে থাকেন। তারা নিজেদের পর্যবেক্ষণ ও অভিজ্ঞতার ভিত্তিতেই ভোটের সিদ্ধান্ত নেন।

