রাজধানীর হাজারীবাগের কালুনগরে পারিবারিক বিরোধের জেরে রওশন আরা (৬০) নামে এক নারীকে পিটিয়ে হত্যা করা হয়েছে। বৃহস্পতিবার দিবাগত গভীর রাতে ওই হামলার ঘটনায় পুলিশ পাঁচজনকে আটক করেছে।
হাজারীবাগ থানার ওসি মো. সাইফুল ইসলাম জানান, নিহত রওশন আরা স্বামী আমজাদ হোসেন ও সন্তানদের নিয়ে কালুনগর বেড়িবাঁধ–সংলগ্ন এলাকায় এক ব্যক্তির জমিতে ঘর তুলে বসবাস করতেন। প্রতিবেশীদের সঙ্গে তাঁদের দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এই বিরোধ নিষ্পত্তির জন্য গতকাল রাতে উভয় পক্ষ থানায় উপস্থিত হয়। তবে থানায় উপস্থিতি শেষেই রওশন আরার প্রতিপক্ষের কয়েকজন ব্যক্তি রাত দুইটার দিকে তাঁর বাড়িতে হামলা চালায়।
পুলিশ জানায়, তিন-চারজন দুর্বৃত্ত রওশন আরার ঘরে ঢুকে প্রথমে তাঁর ছেলেকে মারধর করে। ছেলেকে রক্ষা করতে এগিয়ে গেলে রওশন আরাকে লাঠি দিয়ে বেধড়ক পেটানো হয়। এতে তাঁর মাথা ফেটে যায় ও তিনি গুরুতর আহত হন। রক্তাক্ত অবস্থায় প্রথমে তাঁকে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে শুক্রবার ভোর ৪টার দিকে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঘটনার পরপরই অভিযুক্ত পাঁচজনকে আটক করে পুলিশ। তাঁদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ওসি জানান, পূর্ব বিরোধ থেকেই এই হামলার সূত্রপাত বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এবং মামলার প্রস্তুতি চলছে।

