সরকার ঢাকা জেলার সাভার উপজেলাকে ‘ডিগ্রেডেড এয়ারশেড’ ঘোষণা করেছে। এ সিদ্ধান্ত বায়ুদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা, ২০২২–এর বিধি ৫ অনুযায়ী নেওয়া হয়েছে। রোববার পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক ড. মো. কামরুজ্জামান এনডিসি স্বাক্ষরিত পরিপত্রে এ ঘোষণা জারি করা হয়।
ঘোষণার আওতায় আগামী সেপ্টেম্বর ২০২৫ থেকে সাভার উপজেলায় টানেল ও হাইব্রিড হফম্যান কিলন ছাড়া অন্যান্য সব ধরনের ইটভাটায় ইট পোড়ানো বন্ধ থাকবে। একই সঙ্গে উন্মুক্ত স্থানে কঠিন বর্জ্য পোড়ানো, নতুনভাবে বায়ুদূষণ সৃষ্টিকারী শিল্পকারখানা স্থাপনের অনুমতি এবং পরিবেশগত ছাড়পত্র প্রদানের বিষয়েও নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। এ ছাড়া কর্মপরিকল্পনায় বর্ণিত অন্যান্য দূষণ সৃষ্টিকারী কার্যক্রমও বন্ধ থাকবে।
পরিবেশ অধিদপ্তরের সার্বক্ষণিক বায়ুমান পরিবীক্ষণ কেন্দ্রের তথ্য অনুযায়ী, সাভারের বাতাসে দূষণের মাত্রা জাতীয় মানদণ্ডের প্রায় তিন গুণ বেশি। এতে জনস্বাস্থ্যে মারাত্মক ক্ষতি হচ্ছে। বিশেষ করে শুষ্ক মৌসুমে উত্তর-পশ্চিম ও উত্তর-পূর্ব দিক থেকে প্রবাহিত বায়ু ঢাকায় ঢুকে রাজধানীর ঘনবসতিপূর্ণ এলাকায় মানুষের জন্য ভয়াবহ স্বাস্থ্যঝুঁকি সৃষ্টি করছে।
সরকারের মতে, এই সিদ্ধান্ত কার্যকরভাবে বাস্তবায়িত হলে সাভার ও ঢাকার বায়ুদূষণ নিয়ন্ত্রণে উল্লেখযোগ্য পরিবর্তন আসবে এবং সাধারণ মানুষের স্বাস্থ্য সুরক্ষিত হবে।
পরিবেশ বিশেষজ্ঞরা বলছেন, এ ধরনের কঠোর বিধিনিষেধ দীর্ঘমেয়াদে শিল্পায়ন ও পরিবেশের ভারসাম্য রক্ষা করবে। তবে স্থানীয় প্রশাসন ও শিল্প মালিকদের সহযোগিতা ছাড়া ফলাফল সীমিত হতে পারে।

