মধ্যপ্রাচ্যের শ্রমবাজার শুরু থেকেই অদক্ষ কর্মীনির্ভর হলেও প্রযুক্তির দ্রুত অগ্রগতির ফলে সেখানে অদক্ষ শ্রমের চাহিদা কমে যাচ্ছে বলে জানিয়েছেন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল।
তিনি বলেন, এখন আর শুধু লোডিং-আনলোডিং বা নির্মাণ খাতে কাজ করার জন্য যথেষ্ট নয়, বরং কিছুটা দক্ষতা থাকা জরুরি হয়ে পড়েছে। এ কারণে মধ্যপ্রাচ্যের শ্রমবাজারে উপযোগী দক্ষতা তৈরির পাশাপাশি জাপান, কোরিয়া ও ইউরোপে দক্ষ কর্মী পাঠানোর উদ্যোগ নেওয়া হয়েছে।
আসিফ নজরুল জানান, সঠিক পরিকল্পনা বাস্তবায়ন করা গেলে আগামী পাঁচ বছরে জাপানে এক লাখের বেশি শ্রমিক পাঠানো সম্ভব হবে। তবে বড় সমস্যা হচ্ছে শ্রমবাজার অনুসন্ধানে সরকারিভাবে পর্যাপ্ত গবেষণা করা হয় না। বিদেশে বাংলাদেশের মিশনগুলোও এ ক্ষেত্রে কার্যকর ভূমিকা রাখতে ব্যর্থ হয়েছে। যদিও কিছুটা উন্নতি হয়েছে এবং পরবর্তী সরকারের জন্য করণীয় দলিল রেখে যাওয়া হবে। তাঁর আশা, তিন বছরের মধ্যে নতুন নতুন দেশে দক্ষ, অদক্ষ, মৌসুমি ও স্থায়ী সব ধরনের কর্মী পাঠানো সম্ভব হবে।
বন্ধ হয়ে যাওয়া শ্রমবাজার পুনরায় চালুর প্রসঙ্গে তিনি বলেন, দ্বিপক্ষীয় আলোচনার মাধ্যমে মালয়েশিয়ায় মাসখানেকের মধ্যেই কর্মী পাঠানো শুরু হবে। তবে সংযুক্ত আরব আমিরাতের বিষয়টি জটিল। তিনি ব্যাখ্যা করেন, গত জুলাইয়ের গণ-অভ্যুত্থানে প্রবাসী বাংলাদেশিরা অংশ নিয়েছিলেন, যা বাংলাদেশের কাছে কৃতজ্ঞতার হলেও আরব আমিরাতের কাছে আইনভঙ্গ হিসেবে বিবেচিত হয়েছে। এর প্রভাব এখনো রয়েছে। ওমানের ক্ষেত্রে ইতিমধ্যে আলোচনা হয়েছে এবং তারা অনিয়মিত শ্রমিকদের বৈধ করার প্রক্রিয়া শুরু করেছে। আশা করা যায়, বর্তমান সরকারের মেয়াদেই ওমানে নতুন কর্মী নিয়োগ সম্ভব হবে।
অভিবাসন খাতে শৃঙ্খলা প্রতিষ্ঠা, অভিবাসীদের অধিকার ও সম্মান রক্ষাকে অগ্রাধিকার দেওয়ার কথা উল্লেখ করে আসিফ নজরুল বলেন, বিমানবন্দরে প্রবাসীদের দুরবস্থা তাঁকে সবসময় কষ্ট দিয়েছে। এজন্য প্রবাসী লাউঞ্জ, সার্বক্ষণিক সহায়তাকারী, রাতযাপনের ব্যবস্থা ইত্যাদি উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি আরও জানান, প্রবাসীদের মালিকানায় একটি হাসপাতাল স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে, যদিও কতটা এগোনো যাবে তা নিশ্চিত নয়।
আসিফ নজরুল বলেন, শ্রমবাজার সম্প্রসারণ, শ্রমিকদের ভোগান্তি কমানো এবং সুবিধা বৃদ্ধিতে কিছু পদক্ষেপ নেওয়া হয়েছে। তিনি আশা প্রকাশ করেন, পরবর্তী সরকারও এই কার্যক্রম অব্যাহত রাখবে।
- অধ্যাপক আসিফ নজরুল: উপদেষ্টা, প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়

