চলতি মাসের শেষে হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্ভাব্য নাশকতা রোধ এবং উৎসবকে শান্তিপূর্ণ রাখতে বিশেষ প্রস্তুতি নিয়েছে। বুধবার (৩ সেপ্টেম্বর) দুপুর ২টায় অনলাইনে (জুমে) ডাকা বিশেষ সভায় মাঠপর্যায়ের কর্মকর্তাদের জন্য ১৮ দফা নিরাপত্তা নির্দেশনা জানানো হবে।
সভায় অংশ নেবেন আট বিভাগের কমিশনার, জেলা প্রশাসক, পুলিশ কমিশনার, ডিআইজি, পুলিশ সুপারসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা। স্বরাষ্ট্র উপদেষ্টা লে. জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম এবং সিনিয়র সচিব নাসিমুল গণি সরাসরি সভায় বক্তব্য দেবেন। তারা সাম্প্রতিক অস্থিরতা, শ্রমিক আন্দোলন এবং বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস পরিস্থিতি নিয়েও কঠোর অবস্থান জানানোর প্রস্তুতি নিয়েছেন।
মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, নির্দেশনার মধ্যে বিশেষ গুরুত্ব পাচ্ছে:
- পূজামণ্ডপে পুলিশ, র্যাব, আনসার ও ভিডিপি টহল জোরদার করা।
- প্রতিটি মণ্ডপে সিসি ক্যামেরা ও স্বেচ্ছাসেবক মোতায়েন।
- সামাজিক যোগাযোগমাধ্যমে নজরদারি এবং গুজব প্রতিরোধ।
- প্রতিমা বিসর্জনের সময় বিশেষ নিরাপত্তা ব্যবস্থা।
- নারী দর্শনার্থীদের জন্য আলাদা নিরাপত্তা এবং ইভটিজিং প্রতিরোধ।
- আতশবাজি ও পটকা সম্পূর্ণ নিষিদ্ধ।
- বিসর্জনস্থলে আলো, অগ্নিনির্বাপক ও ডুবুরি দলের উপস্থিতি নিশ্চিত করা।
- দুর্গম এলাকায় যাতায়াতের রাস্তা সাময়িক মেরামত করা।
সভায় শুধুমাত্র দুর্গাপূজা নয়, আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে প্রশাসনের সর্বস্তরে সতর্কবার্তা দেওয়া হবে। নির্বাচন ঘিরে দেশি-বিদেশি ষড়যন্ত্র প্রতিরোধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও স্থানীয় প্রশাসনকে সজাগ থাকার নির্দেশ দেওয়া হবে। একই সঙ্গে শ্রমিক অসন্তোষ ও বিশ্ববিদ্যালয় অস্থিরতা মোকাবিলায় সমন্বিত পদক্ষেপ নেওয়ার জন্য মাঠপর্যায়ের কর্মকর্তাদের স্পষ্ট নির্দেশনা দেওয়া হবে।

