আগামী নির্বাচনের আগে মাঠ প্রশাসনের গুরুত্বপূর্ণ পদে লটারির মাধ্যমে নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত থাকলেও কখনো সিভিল সার্ভিসে এমন পদ্ধতি প্রয়োগ হয়নি। জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. মোখলেস উর রহমান এই তথ্য জানান।
আজ বুধবার (৩ সেপ্টেম্বর) সচিবালয়ে পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলমের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, ডিসি পদে লটারির মাধ্যমে নিয়োগ হবে না।
স্বরাষ্ট্র মন্ত্রণালয় আগেই জানিয়েছে, নির্বাচনকে সামনে রেখে লটারির মাধ্যমে পুলিশ সুপার (এসপি) পদে নিয়োগ হবে। ডিসি নিয়োগ কিভাবে হবে জানতে চাইলে সিনিয়র সচিব মৃদু হেসে বলেন, “কখনো কোনোদিন লটারির মাধ্যমে সিভিল সার্ভিসে পদায়ন হয়নি। এখনো হচ্ছে না, হবে না।”
তিনি আরও বলেন, “এখন অভিযোগ পাওয়া অনুযায়ী ডিসি পদ থেকে প্রত্যাহার করা হচ্ছে। আমাদের কাছে ফিটলিস্ট আছে। কিছু নতুন ডিসি পদায়ন হয়েছে, সামনে আরও হবে। যেখানে পদ স্থিতিশীল, যেমন যুগ্ম সচিবরা অনেক আছেন, তাদের নির্বাচনের আগে তুলে আনব। সেই স্থানে ডিসিদের পরিবর্তন করতে হবে।” সিনিয়র সচিব আরও জানান, নির্বাচনের জন্য যে প্রস্তুতি নেওয়া হচ্ছে, সেগুলো ঠিক থাকলে ভোটের দিন কোনো সমস্যা হবে না।
স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, এসপি নিয়োগ স্বচ্ছ করতে তারা লটারির পদ্ধতি ব্যবহার করবে। এই বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. মোখলেস উর রহমান বলেন, “প্র্যাকটিস অনুযায়ী তফসিল ঘোষণার পর আমরা নির্বাচন কমিশনের অধীনে চলে যাই। তখন এই ধরনের বদলিগুলো নির্বাচন কমিশন পরিচালনা করবে।”
তিনি আরও বলেন, “ইউএনওদের বদলি করেন বিভাগীয় কমিশনার। নির্বাচনের সময় বড় ধরনের রদবদল হবে। তা নির্বাচন কমিশন পরিচালনা করবে। সেখানে কারো প্রভাব বা তদবির কাজ হবে না। যাকে যেখানে দেওয়া হবে, সেখানে যেতে বাধ্য।”

