আজ সোমবার (১৫ সেপ্টেম্বর) দুপুর ২টা থেকে পদ্মা সেতুতে পরীক্ষামূলকভাবে ইলেকট্রনিক টোল কালেকশন (ইটিসি) সিস্টেম চালু হয়েছে। এর আগে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ এক বিজ্ঞপ্তিতে এ সেবা চালুর ঘোষণা দেয়।
নতুন এই প্রযুক্তির মাধ্যমে গাড়ি থামানো ছাড়াই নির্দিষ্ট লেন ব্যবহার করে স্বয়ংক্রিয়ভাবে টোল দেওয়া যাবে। এতে যাতায়াত আরও দ্রুত হবে এবং টোলপ্লাজায় ভিড় কমবে।
সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খানের বিশেষ নির্দেশে এ সিস্টেম চালু হয়েছে। কর্তৃপক্ষ জানিয়েছে, এটি জনসেবায় ডিজিটাল রূপান্তরের অংশ এবং বড় কোনো অবকাঠামো প্রকল্পে নন-স্টপ টোল আদায়ের প্রথম উদ্যোগ।
গাড়িতে আরএফআইডি (রেডিও-ফ্রিকোয়েন্সি আইডেন্টিফিকেশন) ট্যাগ লাগানো থাকলেই টোল দেওয়া যাবে। এ ট্যাগ বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) মাধ্যমে সংগ্রহ করা যাবে।
ব্যবহারকারীদের প্রথমে ট্রাস্ট ব্যাংক লিমিটেডের টিএপি (TAP) অ্যাপে গিয়ে ‘ডি-টোল’ অপশনে গাড়ি রেজিস্ট্রেশন ও রিচার্জ করতে হবে। এরপর পদ্মা সেতুর আরএফআইডি বুথে একবারের জন্য ট্যাগ নিবন্ধন ও যাচাই করতে হবে।
প্রথমবার সেতু পার হওয়ার সময় যাত্রীদের টোল প্লাজায় গিয়ে ট্যাগ নিবন্ধন সম্পন্ন করতে হবে। এরপর গাড়িচালকরা ন্যূনতম ৩০ কিলোমিটার গতিতে ইটিসি লেন ব্যবহার করতে পারবেন। টোলের অর্থ স্বয়ংক্রিয়ভাবে ব্যবহারকারীর অ্যাকাউন্ট থেকে কেটে নেওয়া হবে।
সরকার ভবিষ্যতে টিএপি ছাড়াও অন্যান্য আর্থিক অ্যাপের মাধ্যমে ইটিসি সেবা চালুর পরিকল্পনা করেছে। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের এ২আই (অ্যাসপায়ার টু ইনোভেট) কর্মসূচি সবার জন্য এ সেবা সহজলভ্য করতে কাজ করছে।

