চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনে জোটবদ্ধভাবে পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করেছে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ ও ইসলামী ছাত্র মজলিস। যৌথভাবে তারা এই প্যানেলের নাম দিয়েছে ‘সর্বজনীন শিক্ষার্থী সংসদ’।
শনিবার বেলা একটায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের কলার ঝুপড়ির সামনে সংবাদ সম্মেলনে প্যানেলটি ঘোষণা করা হয়। এতে সহসভাপতি (ভিপি) পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন ছাত্র অধিকার পরিষদের শাখা আহ্বায়ক ও ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের স্নাতকোত্তর শিক্ষার্থী তামজিদ উদ্দিন, আর সাধারণ সম্পাদক (জিএস) পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন ইসলামী ছাত্র মজলিসের শাখা সভাপতি ও আরবি বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী সাকিব মাহামুদ।
সংবাদ সম্মেলনে সংগঠন দুটির পক্ষ থেকে বলা হয়, নির্বাচনী পরিবেশ নিয়ে তারা শঙ্কিত। সাকিব মাহামুদ অভিযোগ করে বলেন, “নির্বাচনী পরিবেশ নিয়ে আমরা শঙ্কিত। প্রক্টরিয়াল বডির ব্যর্থতার কারণে তাদের পদত্যাগ করা উচিত। শিক্ষার্থীদের দায় নিতে সক্ষম একটি নতুন প্রক্টরিয়াল বডি আসুক, সেটাই আমাদের দাবি।”
এই প্যানেল থেকে সহসাধারণ সম্পাদক (এজিএস) পদে লড়বেন ছাত্র অধিকার পরিষদের শাখা সদস্যসচিব মো. রোমান রহমান। এছাড়া বিভিন্ন সম্পাদক ও নির্বাহী সদস্য পদে নাম ঘোষণা করা হয়।

অন্যদিকে, বিশ্ব ইনসানিয়াত বিপ্লব স্টুডেন্ট ফ্রন্ট আংশিক প্যানেল ঘোষণা করেছে। তাদের প্যানেলের নাম রাখা হয়েছে ‘রেভল্যুশন ফর স্টেট অব হিউম্যানিটি’। সংগঠনের সাধারণ সম্পাদক কেফায়েত উল্লাহ ভিপি পদে এবং সাংগঠনিক সম্পাদক কাজী শাহরিয়ার উল্লাহ জিএস পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন। সহসাধারণ সম্পাদক (এজিএস) পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন হিসাববিজ্ঞান বিভাগের শিক্ষার্থী জোনায়েদ শিবলী।
সংগঠনের শাখা সভাপতি জুয়েনা সুলতানা বলেন, “মানবতাবিধ্বংসী স্বৈর রাজনীতির গ্রাস থেকে জীবন, শিক্ষা, সমাজ ও রাষ্ট্র রক্ষার অঙ্গীকারে আমরা নির্বাচনে অংশ নিচ্ছি।”
চাকসু নির্বাচনে এখন পর্যন্ত কেন্দ্রীয় সংসদের জন্য ১০টি এবং হল সংসদের জন্য দুটি প্যানেল ঘোষণা হয়েছে। নির্বাচন কমিশনের ঘোষিত সূচি অনুযায়ী, মনোনয়নপত্র যাচাই-বাছাই হবে শনিবার, প্রার্থীর প্রাথমিক তালিকা প্রকাশ হবে রোববার এবং চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে বৃহস্পতিবার। আগামী ১২ অক্টোবর সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

