দুর্নীতি দমন কার্যক্রমকে আরও শক্তিশালী ও গতিশীল করতে দুর্নীতি দমন কমিশন (দুদক) এবং ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) পাঁচ বছর মেয়াদি সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে।
২৪ সেপ্টেম্বর বুধবার সকালে দুদকের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত অনুষ্ঠানে দুদকের পক্ষে মহাপরিচালক (প্রতিরোধ) মো. আক্তার হোসেন এবং টিআইবির পক্ষে নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন। অনুষ্ঠানে দুদকের চেয়ারম্যান ড. মোহাম্মদ আবদুল মোমেন, কমিশনার (অনুসন্ধান) ব্রিগেডিয়ার জেনারেল (অব.) হাফিজ আহসান ফরিদ, সচিব মোহাম্মদ খালেদ রহীমসহ উভয় সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সমঝোতা স্মারকের আওতায় দুদক ও টিআইবি দুর্নীতি প্রতিরোধে গণসচেতনতা বৃদ্ধি, পদ্ধতিগত উৎকর্ষ ও নৈতিক মানোন্নয়নের লক্ষ্যে একসঙ্গে কাজ করবে। এ উদ্যোগে জনসম্পৃক্ততা, পরামর্শ, প্রচারণা, যৌথ গবেষণা, প্রশিক্ষণসহ বিভিন্ন কার্যক্রম অন্তর্ভুক্ত থাকবে।
উল্লেখ্য, দুদক ও টিআইবি এর আগেও একাধিক দফায় সমঝোতা স্মারক সম্পাদন করেছে। ২০১৫ সাল থেকে এই সহযোগিতা ধারাবাহিকভাবে বর্ধিত হচ্ছে। এবার আগামী ১ অক্টোবর থেকে ৩০ সেপ্টেম্বর ২০৩০ পর্যন্ত পাঁচ বছরের জন্য ৫ম দফার সমঝোতা স্মারক কার্যকর হবে।

