আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে আয়োজনের প্রস্তুতি হিসেবে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক দিনব্যাপী কর্মশালার আয়োজন করবে। এ কর্মশালায় আইনশৃঙ্খলা রক্ষায় সমন্বিত ভূমিকার ওপর গুরুত্ব দেওয়া হবে।
নির্বাচন কমিশনের কর্মকর্তারা এ কর্মশালায় উপস্থিত থাকবেন। আজ সোমবার (১ ডিসেম্বর) ‘নির্বাচন পরিচালনা-২ অধিশাখা’র উপ-সচিব মোহাম্মদ মনির হোসেনের সই করা চিঠিতে এ তথ্য জানানো হয়েছে।
চিঠিতে বলা হয়েছে, স্বরাষ্ট্র মন্ত্রণালয় আগামী ৩ ডিসেম্বর সকাল ৯:৩০ মিনিটে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ‘আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৬ উপলক্ষে সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে আইনশৃঙ্খলা রক্ষায় সমন্বিত ভূমিকা’ শীর্ষক কর্মশালার আয়োজন করবে। প্রধান উপদেষ্টা অনলাইন ভিডিও প্ল্যাটফর্মের মাধ্যমে কর্মশালায় যুক্ত থাকবেন। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। এছাড়া সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা ও বিশেষজ্ঞরাও অংশ নেবেন। আলোচনায় মূলভাবে গুরুত্ব দেওয়া হবে নিরাপত্তা ব্যবস্থার কার্যকারিতা বাড়ানো এবং বিভিন্ন সংস্থার মধ্যে সমন্বয় জোরদার করার ওপর।
কর্মশালায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে সকল অধিদফতর ও সংস্থার প্রধান, মাঠ প্রশাসন এবং পুলিশ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের উপস্থিতি জরুরি। এছাড়া নির্বাচন কমিশন সচিবালয়ের মাঠ পর্যায়ের সকল আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা এবং সিনিয়র জেলা/জেলা নির্বাচন অফিসারদের উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হয়েছে।
কর্মশালায় অংশগ্রহণকারীরা অভিজ্ঞতা বিনিময় করবেন এবং ভবিষ্যৎ করণীয় নির্ধারণে মতামত দেবেন। এ প্রক্রিয়ার মাধ্যমে মাঠপর্যায়ে আইনশৃঙ্খলা রক্ষার কাজে দক্ষতা ও স্বচ্ছতা নিশ্চিত করার পরিকল্পনা গ্রহণ করা হবে।

