দেশের ৬৪ জেলার পুলিশ সুপারদের লটারির মাধ্যমে বদলির পর এবার একই পদ্ধতিতে নির্ধারিত হলো ৫২৭ থানার নতুন অফিসার ইনচার্জ (ওসি)। পুলিশ সদর দপ্তরের তথ্য অনুযায়ী, সম্প্রতি অনুষ্ঠিত এই লটারিতে জেলা পর্যায়ের মোট ৫২৭ থানায় ওসি পদায়ন করা হয়েছে। পদায়ন করা কর্মকর্তাদের তালিকায় ‘প্রস্তাবিত’ উল্লেখ রয়েছে। তবে মেট্রোপলিটন এলাকার কোনো থানার ওসিকে এই তালিকায় অন্তর্ভুক্ত করা হয়নি।
সদর দপ্তরের তথ্যমতে, ঢাকা রেঞ্জের ১৩ জেলায় ৯৮ থানায় নতুন ওসি পদায়ন হয়েছে। চট্টগ্রাম রেঞ্জের ১১ জেলায় সংখ্যা ১১১। খুলনা রেঞ্জের ১০ জেলায় ৬৪ থানায় পদায়ন হয়েছে এবং ময়মনসিংহ রেঞ্জের চার জেলায় ৩৬ থানার ওসি বদলি হয়েছে। বরিশাল রেঞ্জে ৬ জেলার ৪৬ থানায়, সিলেট রেঞ্জে চার জেলায় ৩৯ থানায়, রাজশাহী রেঞ্জে ৮ জেলায় ৭১ থানায় এবং রংপুর রেঞ্জে ৮ জেলায় ৬২ থানায় নতুন ওসি দায়িত্ব পেয়েছেন।
পুলিশের একাধিক সূত্র জানায়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফশিল ঘোষণার আগে এ পদায়ন কার্যক্রম সম্পন্ন করা হয়। নির্বাচনকালীন দায়িত্ব পালনে স্বচ্ছতা নিশ্চিত করতে লটারি অনুষ্ঠিত হওয়ার আগে ইউনিট প্রধানদের কাছ থেকে সৎ ও নিরপেক্ষ কর্মকর্তাদের তালিকা সংগ্রহ করা হয়। এ তালিকার ভিত্তিতেই ওসিদের পদায়নের চূড়ান্ত লটারি পরিচালিত হয়।
পুলিশ সদর দপ্তর জানায়, বর্তমানে দেশে মোট থানার সংখ্যা ৬৩৯। এর মধ্যে জেলা পর্যায়ে ৫২৭টি থানা এবং মেট্রোপলিটন এলাকায় রয়েছে ১১০টি থানা। মেট্রোপলিটন এলাকার থানাগুলোতে লটারি হয়নি। এই থানাগুলোর ওসি পদায়নের দায়িত্ব সংশ্লিষ্ট পুলিশ কমিশনারদের ওপর ন্যস্ত রয়েছে।
এর আগে ২৬ নভেম্বর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব মো. মাহবুবুর রহমান স্বাক্ষরিত প্রজ্ঞাপনে ৬৪ জেলার পুলিশ সুপারদের লটারির মাধ্যমে পদায়ন করা হয়।


