অন্তর্বর্তী সরকারের মেয়াদে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনাল চালু হবে না। এ তথ্য জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন উপদেষ্টা শেখ বশিরউদ্দীন আহমেদ।
গতকাল সোমবার (৫ জানুয়ারি) সচিবালয়ে বেসামরিক বিমান চলাচল সংশোধন অধ্যাদেশ ২০২৬ এবং বাংলাদেশ ট্রাভেল এজেন্সি নিবন্ধন ও নিয়ন্ত্রণ সংশোধন অধ্যাদেশ ২০২৬ জারি উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।
উপদেষ্টা শেখ বশিরউদ্দীন আহমেদ বলেন, নতুন অধ্যাদেশ দুটি বাস্তবায়িত হলে বিমানের টিকিট সংক্রান্ত প্রতারণা ও যাত্রী হয়রানি বন্ধ হবে। তিনি বলেন, “বিমানের টিকিটের ক্ষেত্রে অসাধু এজেন্সির মাধ্যমে যে সিন্ডিকেশন তৈরি হয়েছিল, নতুন অধ্যাদেশের মাধ্যমে তা বন্ধ হবে এবং যাত্রীদের হয়রানি কমে যাবে।” তিনি আরও জানান, তীব্র কুয়াশার সময় ফ্লাইটের ডাইভারশন এড়াতে কক্সবাজার বিমানবন্দরকে ক্যাটাগরি থ্রিতে উন্নীত করা হবে।
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সচিব নাসরীন জাহান বলেন, অধ্যাদেশ দুটি বাস্তবায়িত হলে বিমান পরিবহন ও ট্রাভেল ব্যবসায় শৃঙ্খলা, আর্থিক স্বচ্ছতা ও জবাবদিহি প্রতিষ্ঠিত হবে। এতে বিমানের টিকিটের ন্যায্যমূল্য নিশ্চিত হবে।
তিনি আরও জানান, অভিবাসী কর্মী ও সাধারণ যাত্রীদের অধিকার সংরক্ষণের পাশাপাশি পর্যটন খাতে সুশাসন ও আন্তর্জাতিক মান নিশ্চিত হবে।

