কেন্দ্রীয় ব্যাংক প্রতিটি ব্যাংকের প্রধান কার্যালয়, শাখা ও উপ-শাখায় নারীবান্ধব ওয়াশরুম থাকা বাধ্যতামূলক করেছে। এসব ওয়াশরুমে পর্যাপ্ত স্যানিটারি সামগ্রীর ব্যবস্থা রাখতে হবে। নির্দেশনায় বলা হয়েছে, এটি ব্যাংকের নারী কর্মকর্তা ও সেবাপ্রত্যাশীদের জন্য নিশ্চিত করতে হবে।
গতকাল কেন্দ্রীয় ব্যাংক এ বিষয়ে একটি সার্কুলার সব ব্যাংকে পাঠিয়েছে। সার্কুলারে উল্লেখ করা হয়েছে, প্রধান কার্যালয়, আঞ্চলিক কার্যালয়সহ সকল শাখা ও উপ-শাখায় কর্মরত নারী কর্মকর্তা এবং সেবাপ্রত্যাশী নারীদের জন্য পর্যাপ্ত নারীবান্ধব ওয়াশরুম থাকা প্রয়োজন।
কর্মক্ষেত্রে পর্যাপ্ত নারীবান্ধব ওয়াশরুম না থাকায় নারী কর্মকর্তা ও সেবাপ্রত্যাশীরা ভোগান্তির শিকার হচ্ছেন। এটি নারীর জন্য কর্মক্ষেত্রে নিরাপদ ও সুবিধাজনক পরিবেশ তৈরিতে বড় প্রতিবন্ধকতা হয়ে দাঁড়াচ্ছে।
নির্দেশনায় আরও বলা হয়েছে, ব্যাংকের প্রধান কার্যালয়, আঞ্চলিক কার্যালয় ও সকল শাখায় স্বাস্থ্যসম্মত নারীবান্ধব ওয়াশরুম নির্মাণ, প্রয়োজনীয় সংস্কার ও পর্যাপ্ত স্যানিটারি সামগ্রীর ব্যবস্থা অবিলম্বে করতে হবে।
উল্লেখ্য, কেন্দ্রীয় ব্যাংক আর্থিক খাতে নারীদের অংশগ্রহণ বাড়াতে বিভিন্ন উদ্যোগ নিয়েছে। এর আগে এজেন্ট ব্যাংকিংয়ে অন্তত অর্ধেক নারী এবং এসএমই ঋণের একটি অংশ নারীদের মধ্যে বিতরণের নির্দেশনা দেওয়া হয়েছিল।

