ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহীদ শরিফ ওসমান বিন হাদি হত্যার প্রধান আসামি ফয়সাল করিম মাসুদের ৫৩টি ব্যাংক হিসাব থেকে ৬৫ লাখ ৫০ হাজার ২৪৬ টাকা অবরুদ্ধ করার আদেশ দিয়েছে ঢাকার আদালত। পুলিশসংশ্লিষ্ট অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) আবেদনের ভিত্তিতে এই আদেশ দেওয়া হয়েছে।
ঢাকা মহানগর দায়রা জজ মো. সাব্বির ফয়েজ আজ বুধবার এই আদেশ দেন। আদালতের বেঞ্চ সহকারী মো. রিয়াজ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।সিআইডির উপপুলিশ পরিদর্শক মো. আবদুল লতিফ ব্যাংকের টাকা অবরুদ্ধ করার জন্য আবেদন করেন।
আবেদনে বলা হয়েছে, শহীদ শরিফ ওসমান বিন হাদিকে গুলি করে হত্যা মামলায় ফয়সাল করিম মাসুদ প্রধান অভিযুক্ত। তার সঙ্গে জড়িত অন্যান্য ব্যক্তি ও প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে মানি লন্ডারিং সংক্রান্ত তদন্ত চলছে।
প্রাথমিক তদন্তে দেখা গেছে, ফয়সাল করিম মাসুদ ও তার স্বার্থসংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের ব্যাংক হিসাবগুলোতে সন্দেহজনক লেনদেন রয়েছে। এছাড়া প্রাথমিক অনুসন্ধান অনুযায়ী, তারা খুন, সন্ত্রাস এবং সংঘবদ্ধ অপরাধে অর্থ সরবরাহের সঙ্গে জড়িত।
আবেদনে বলা হয়েছে, এ কারণে ফয়সাল করিম মাসুদের সম্পদ বাজেয়াপ্ত করা জরুরি। অন্যথায়, অভিযোগ নিষ্পত্তির আগে হিসাবগুলোয় থাকা অর্থ হারিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।

