ত্রয়োদশ সংসদ নির্বাচন ও গণভোটকে ঘিরে এবার ভোটের মাঠে আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনী সাত দিনের জন্য মোতায়েন করা হবে। ১২ ফেব্রুয়ারির ভোটকে কেন্দ্র করে ৮ থেকে ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত আইন-শৃঙ্খলা বাহিনী ভোটকেন্দ্রসহ বিভিন্ন এলাকায় দায়িত্ব পালন করবে। বুধবার (৭ জানুয়ারি) স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ সংক্রান্ত একটি পরিপত্র জারি করেছে।
পরিপত্রে বলা হয়েছে, ভোটের চার দিন আগে, ভোটের দিন এবং ভোটের পরে দুই দিন আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনী মাঠে থাকবে। নির্বাচনে মোট ভোটার রয়েছেন পৌনে ১৩ কোটি, ৩০০ আসনে প্রায় ৪৩ হাজার ভোটকেন্দ্রে দুই লাখ ৬০ হাজারের মতো ভোটকক্ষ তৈরি করা হয়েছে।
প্রাথমিক সভায় পরিকল্পনা করা হয়েছে, প্রত্যেক ভোটকেন্দ্রে ১৩ থেকে ১৮ জন আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনী সদস্য থাকবে। মোট সাত লাখের বেশি সদস্য এবার ভোট নিরাপত্তা নিশ্চিতে দায়িত্ব পালন করবেন। ভোটকেন্দ্রে আনসার-ভিডিপি সদস্যদের সংখ্যা সাড়ে পাঁচ লাখ, সশস্ত্র বাহিনীর সদস্য ৯০ হাজারের বেশি। এছাড়া পুলিশ, র্যাব, বিজিবি ও কোস্ট গার্ডও দায়িত্বে থাকবে।
গত ১১ ডিসেম্বর প্রধান নির্বাচন কমিশনার ভোটের তফসিল ঘোষণা করেন। এরপর এক সম্ভাব্য প্রার্থী গুলিবিদ্ধ হন এবং দুটি নির্বাচনী অফিসে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। পরিস্থিতি বিবেচনা করে প্রধান নির্বাচন কমিশনারসহ অন্যান্য কর্মকর্তা নির্বাচন অফিসের নিরাপত্তা বাড়ান। তফসিল ঘোষণার আগে দুই দফা এবং তফসিল ঘোষণার পর বিদ্যমান পরিস্থিতি নিয়ে আইন-শৃঙ্খলা বাহিনীর শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের পর স্বরাষ্ট্র মন্ত্রণালয় এই পরিপত্র জারি করে।

