রাজধানী ঢাকা ও আশপাশের এলাকায় আজ দিনের বেলায় তাপমাত্রা সামান্য বাড়তে পারে। সকাল থেকে পরবর্তী ছয় ঘণ্টা আকাশ কখনো আংশিক মেঘলা থাকলেও সামগ্রিকভাবে আবহাওয়া শুষ্কই থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
বৃহস্পতিবার (৮ জানুয়ারি) সকাল ৭টা থেকে পরবর্তী ছয় ঘণ্টার জন্য দেওয়া পূর্বাভাসে আবহাওয়া অধিদপ্তরের ঝড় সতর্কীকরণ কেন্দ্র এসব তথ্য জানিয়েছে।
পূর্বাভাসে বলা হয়, এ সময় হালকা থেকে মাঝারি মাত্রার কুয়াশা পড়তে পারে। উত্তর অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হওয়ার সম্ভাবনা রয়েছে। দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে বলেও উল্লেখ করা হয়েছে।
আজ সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৩ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৮৮ শতাংশ। আজকের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১২ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস এবং গতকালের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ২১ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস।
আবহাওয়া অধিদপ্তরের তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় রাজধানীতে কোনো বৃষ্টিপাত হয়নি। আজ সূর্যাস্ত হবে সন্ধ্যা ৫টা ২৮ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় হবে ভোর ৬টা ৪৩ মিনিটে।
অন্যদিকে, বুধবার রাতে প্রকাশিত সারাদেশের সম্ভাব্য পূর্বাভাসে জানানো হয়েছে, আজ সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের বিভিন্ন স্থানে আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে, তবে সারাদেশেই আবহাওয়া মূলত শুষ্ক থাকবে।
টাঙ্গাইল, ফরিদপুর, মাদারীপুর, গোপালগঞ্জ, কিশোরগঞ্জ, মানিকগঞ্জ, নরসিংদী, নারায়ণগঞ্জ, নেত্রকোণা, মৌলভীবাজার, লক্ষ্মীপুর ও কুমিল্লা জেলার পাশাপাশি রাজশাহী, রংপুর, খুলনা এবং বরিশাল বিভাগের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। এই শৈত্যপ্রবাহ অব্যাহত থাকতে পারে বলেও জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
এ ছাড়া মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারাদেশে মাঝারি থেকে ঘন কুয়াশা পড়ার আশঙ্কা রয়েছে। কোথাও কোথাও এই কুয়াশা দুপুর পর্যন্ত স্থায়ী হতে পারে।
পূর্বাভাসে আরও বলা হয়েছে, সারাদেশে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকলেও দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

