অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ বলেছেন, অন্তর্বর্তী সরকার দেশের অর্থনীতি স্থিতিশীল করার চেষ্টা করলেও সামনে চ্যালেঞ্জ অনেক বড় ও জটিল হবে।
সোমবার ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) সোনালী ব্যাংকের বার্ষিক সম্মেলন ২০২৬-এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
সালেহউদ্দিন আহমেদ বলেন, “অন্তর্বর্তী সরকার অর্থনীতির অবস্থা স্থিতিশীল করতে চেয়েছে। তবে সামনে অনেকগুলো চ্যালেঞ্জ রয়েছে যা মোকাবিলা করা সহজ হবে না।” তিনি সোনালী ব্যাংকের কর্মকর্তাদের উদ্দেশে বলেন, “নতুন সরকার আসার পর আপনাদের কৌশলে কাজ করতে হবে। সম্পূর্ণ পেশাদারিত্বের সঙ্গে ব্যাংককে দৃঢ় অবস্থানে রাখতে হবে। রাজনৈতিক বা প্রশাসনিক বাধা আসতে পারে, সেগুলো সমঝোতার মাধ্যমে মোকাবিলা করুন। তবে এগুলোকে হালকাভাবে দেখবেন না।”
অর্থ উপদেষ্টা আরও বলেন, “নীতিনির্ধারক বা রাজনীতিবিদদের সঙ্গে দ্রুত প্রতিক্রিয়া না দিয়ে বোঝাতে হবে যে আর্থিক প্রতিষ্ঠানের নিয়ম-কানুন মেনে চলা আবশ্যক। ফাইন্যান্সিয়াল নর্মস, অডিট নর্মস, অ্যাকাউন্টিং নর্মস—সবই মানতে হবে।”
তিনি সতর্ক করে বলেন, “কোনো ক্ষেত্রেই আর্থিক নর্মসের বিচ্যুতি হতে পারে না। চ্যালেঞ্জ আসবে, আঘাত আসতে পারে, তবে সব সময় কৌশলীভাবে এগোতে হবে।”
সালেহউদ্দিন আহমেদ ব্যবসায়িক সম্প্রসারণের কথাও উল্লেখ করেন। তিনি বলেন, “ব্যবসার উন্নয়নে সাহায্য করুন। ছোট থেকে বড় সব ধরনের ব্যবসায় সোনালী ব্যাংক সহায়তা করবে।”
তিনি এও বলেন, বর্তমান ব্যাংকিং খাতের পরিস্থিতি কিছুটা চ্যালেঞ্জিং হলেও সোনালী ব্যাংক ও কয়েকটি বেসরকারি ব্যাংকের পারফরম্যান্স ভালো। তবে ভবিষ্যতে আরও কঠিন পরিস্থিতি আসতে পারে।

