আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে গাজীপুর জেলা পরিদর্শন করেছেন তিন বাহিনী প্রধান। তারা হলেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান এবং বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন।
মঙ্গলবার গাজীপুর সফরের অংশ হিসেবে তারা বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের সম্মেলন কক্ষে একটি মতবিনিময় সভায় অংশ নেন। সভায় উপস্থিত ছিলেন ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তা। পাশাপাশি ঢাকা বিভাগের গাজীপুর, নরসিংদী ও নারায়ণগঞ্জ জেলার আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং অসামরিক প্রশাসনের শীর্ষ কর্মকর্তারাও এতে অংশ নেন।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর তাদের অফিসিয়াল ফেসবুক পেজে এ তথ্য জানিয়েছে।
মতবিনিময় সভায় নির্বাচন ও গণভোটকে শান্তিপূর্ণ, নিরপেক্ষ এবং সুষ্ঠুভাবে সম্পন্ন করার বিষয়ে আলোচনা হয়। এ সময় আন্তঃপ্রাতিষ্ঠানিক সমন্বয় জোরদার এবং সার্বিক নিরাপত্তা ব্যবস্থাপনা নিশ্চিত করার ওপর গুরুত্ব দেওয়া হয়।
তিন বাহিনী প্রধান দায়িত্ব পালনের ক্ষেত্রে পেশাদারিত্ব, নিরপেক্ষতা ও শৃঙ্খলা বজায় রাখার আহ্বান জানান। একই সঙ্গে ধৈর্য ও নাগরিকবান্ধব আচরণের মাধ্যমে দায়িত্ব পালন করার নির্দেশনা দেন।
পরিদর্শনকালে ইন এইড টু দ্য সিভিল পাওয়ারের আওতায় মোতায়েন থাকা সশস্ত্র বাহিনীর সদস্যদের কার্যক্রম সরেজমিনে পর্যবেক্ষণ করেন বাহিনী প্রধানরা। এ সময় তারা প্রয়োজনীয় দিকনির্দেশনাও প্রদান করেন।
গাজীপুর জেলা পরিদর্শনের সময় সেনা, নৌ ও বিমান বাহিনীর ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তাদের পাশাপাশি অসামরিক প্রশাসন, আইন-শৃঙ্খলা বাহিনীর শীর্ষ কর্মকর্তা এবং বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

