এম এস রহমান, পাবনা প্রতিনিধি
পাবনার চাটমোহরে ভ্যান ছিনতাই করতে গিয়ে ইমরান হোসেন (১৭) নামে এক কিশোর ভ্যানচালককে হত্যার অভিযোগ উঠেছে চাচাতো ভাইসহ তার সহযোগীদের বিরুদ্ধে।
বৃহস্পতিবার সকালে নিহত ইমরানের লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে অভিযুক্ত চাচাতো ভাই হেলাল উদ্দিন সহ তিনজনকে আটক করেছে পুলিশ।
নিহত ইমরান উপজেলার পার্শ্বডাঙ্গা ইউনিয়নের শুকুরভাঙ্গা গ্রামের মৃত ওমর আলীর ছেলে।
আটককৃতরা হলো— ইমরানের চাচাতো ভাই, একই গ্রামের মৃত হানিফ আলীর ছেলে হেলাল উদ্দিন (৪০), ইমরানের বন্ধু, একই গ্রামের কুরবান আলীর ছেলে সুমন আলী (১৮) এবং ভাঙ্গুড়া উপজেলার উত্তর মেন্দা গ্রামের আনোয়ার মোল্লার ছেলে এজাজ মোল্লা (২০)।
নিহত ইমরান হোসেনের মা ও বোন জানান, বুধবার সন্ধ্যায় ইমরান হোসেনের অটোভ্যানটি ভাড়া নেন চাচাতো ভাই হেলাল। এ সময় তার বন্ধু সুমন সহ আরও দু’জন ছিলেন অটোভ্যানের যাত্রী। গ্রামের একটি চায়ের দোকানে বসে তারা ইমরানের ভ্যান ভাড়া নিয়ে ভাঙ্গুড়া যাবে বলে আলাপ করেছিল। অটোভ্যান নিয়ে সন্ধ্যা থেকে রাত দশটা পর্যন্ত চাটমোহরের বিভিন্ন এলাকায় ঘোরাঘুরি করে তারা।
রাত আনুমানিক দশটার দিকে চাটমোহরের রামচন্দ্রপুর শ্মশান এলাকায় ভ্যান ও মোবাইল ছিনতাইয়ের উদ্দেশ্যে প্রথমে ইমরানকে মারধর করা হয়। পরে চাচাতো ভাইসহ তার সহযোগীরা ইমরানকে ফাঁস দিয়ে হত্যা করে লাশ ফেলে রেখে পার্শ্ববর্তী ভাঙ্গুড়া উপজেলার একটি বাড়িতে আশ্রয় নেয়।
পরিবারের লোকজন নিহত ছেলেকে খুঁজে না পেয়ে এলাকার বাজারে যান, সেখানে গিয়ে তারা জানতে পারে যে তিনজনকে নিয়ে ভাড়া বাড়িতে গেছে ইমরান। পরিবার ও এলাকাবাসী ওই তিনজনকে খুঁজতে খুঁজতে চাচাতো ভাই হেলালসহ দুই সহযোগীকে ভাঙ্গুড়া উপজেলায় তাদের ভাড়া বাড়িতে খুঁজে পায়। এ সময় বিভিন্ন কথাবার্তা অসংলগ্ন মনে হলে এবং প্রমাণ পাওয়ার পর হেলালসহ তিনজনকে আটক করে চাটমোহরে আনা হয়। পরে স্থানীয়রা জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করে যে ইমরানকে মেরে শ্মশান এলাকায় ফেলে রাখা হয়েছে।
চাটমোহর সার্কেলের সহকারী পুলিশ সুপার আবু বকর সিদ্দিক জানান, বৃহস্পতিবার সকালে ঘটনাস্থল থেকে নিহত ইমরানের লাশ উদ্ধার করা হয়। তার শরীরের বিভিন্ন স্থানে রক্তাক্ত জখমের চিহ্ন ছিল। একই সময়ে অভিযুক্ত তিনজনকে আটক করে থানা হেফাজতে নেওয়া হয়েছে। ওসি আরও জানান, লাশ ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। পুলিশ ছিনতাই হওয়া অটোভ্যানটি জব্দ করেছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

