বাংলাদেশের ব্যাংকিং খাতে বিদ্যুৎ ও জ্বালানির ব্যবহার আরও সাশ্রয়ী করতে নতুন নির্দেশনা জারি করেছে বাংলাদেশ ব্যাংক। বৈশ্বিক ভূরাজনৈতিক পরিস্থিতির কারণে জ্বালানি সরবরাহে সম্ভাব্য অনিশ্চয়তা বিবেচনায় রেখে ব্যাংকগুলোকে আগাম সতর্ক থাকতে বলা হয়েছে।
গতকাল বুধবার (১১ মার্চ) জারি করা এক সার্কুলারে দেশের সব ব্যাংকের প্রধান কার্যালয়, শাখা ও উপশাখায় বিদ্যুৎ ও জ্বালানি ব্যবহারে সংযম দেখানোর জন্য একাধিক নির্দেশনা দেওয়া হয়। এতে বলা হয়েছে, বৈদ্যুতিক যন্ত্রপাতি, লাইট, ফ্যান এবং এসি কেবল প্রয়োজন অনুযায়ী চালাতে হবে। অপ্রয়োজনীয়ভাবে কোনো যন্ত্র চালু রাখা যাবে না।
সার্কুলারে আরও বলা হয়, দিনের প্রাকৃতিক আলো যতটা সম্ভব কাজে লাগাতে হবে। পাশাপাশি এসির তাপমাত্রা ২৫ ডিগ্রি সেলসিয়াসের নিচে নামানো যাবে না। এতে বিদ্যুৎ সাশ্রয় নিশ্চিত করার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।
জ্বালানি ব্যবহারে সংযম আনতে অফিসিয়াল গাড়ির ব্যবহার সীমিত রাখার কথাও বলা হয়েছে। ব্যক্তিগত ও প্রাতিষ্ঠানিক ভ্রমণ কমাতে উৎসাহ দেওয়ার পাশাপাশি কর্মকর্তাদের গণপরিবহন ব্যবহার বা কার-শেয়ারিংয়ের দিকে ঝুঁকতে বলা হয়েছে।
এছাড়া জেনারেটরের জ্বালানি ব্যবহারে নিয়ন্ত্রণ আরোপ, অপ্রয়োজনীয় সাজসজ্জা কমানো এবং ইলেকট্রনিক ডিসপ্লে বোর্ড ব্যবহারে সংযত থাকার নির্দেশনা দেওয়া হয়েছে। কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তারা জানিয়েছেন, বৈশ্বিক জ্বালানি বাজারে চলমান অনিশ্চয়তার প্রেক্ষাপটে আর্থিক খাতে বিদ্যুৎ ও জ্বালানির দক্ষ ব্যবহার নিশ্চিত করাই এই নির্দেশনার মূল লক্ষ্য।
একই সঙ্গে ২০২২ সালের ৭ সেপ্টেম্বর জারি করা বিদ্যুৎ ও জ্বালানির সাশ্রয়ী ব্যবহারের আগের নির্দেশনাগুলোও কঠোরভাবে অনুসরণের কথা আবারও মনে করিয়ে দেওয়া হয়েছে।

