বাংলাদেশ বার কাউন্সিল আইনজীবীদের পেশাগত আচরণ ও শালীনতা বজায় রাখার বিষয়ে কঠোর সতর্কতা জারি করেছে।
আজ (মঙ্গলবার) ৯ জুন জারি করা এক সতর্কীকরণ নোটিশে বলা হয়েছে, কিছু আইনজীবী সামাজিক যোগাযোগমাধ্যমে আইনজীবীর পোশাক পরে বিভিন্ন বিনোদনমূলক ও অশালীন কনটেন্ট প্রকাশ করছেন, যা পেশাগত শিষ্টাচারের পরিপন্থী।

নোটিশে উল্লেখ করা হয়, টিকটক, ফেসবুক রিলস, ইনস্টাগ্রামসহ বিভিন্ন মাধ্যমে আইনজীবীরা নিজেদের পোশাক পরিধান করে বিচিত্র অঙ্গভঙ্গি, বিনোদনমূলক ভিডিও এবং অন্যান্য অনুপযুক্ত ছবি ও ভিডিও প্রকাশ করছেন। এসব কর্মকাণ্ড আইনজীবী পেশার মর্যাদা, শালীনতা ও শিষ্টাচারের পরিপন্থী এবং এটি সরাসরি “Canons of Professional Conduct and Etiquette”-এর লঙ্ঘন।
বার কাউন্সিল আরও জানায়, আইনজীবীদের পেশাগত আচরণ ও শিষ্টাচার বিধিমালা অনুযায়ী একজন আইনজীবীর দায়িত্ব হলো তার পেশার মর্যাদা সর্বদা রক্ষা করা। তাদের আচরণ হতে হবে শালীন, মর্যাদাপূর্ণ এবং সম্পূর্ণ পেশাগত।
এ কারণে সামাজিক যোগাযোগমাধ্যমে আইনজীবীর পোশাক পরে বিনোদনমূলক বা অশালীন ছবি ও ভিডিও তৈরি এবং প্রচার থেকে বিরত থাকতে সংশ্লিষ্ট সকল আইনজীবীকে আহ্বান জানানো হয়েছে। একই সঙ্গে সতর্ক করা হয়েছে, ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ড পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে শৃঙ্খলাভঙ্গজনিত ব্যবস্থা গ্রহণ করা হবে।

