গ্রাহকের অজান্তে ক্রেডিট কার্ড ব্যবহার করে অর্থ আত্মসাতের অভিযোগে একটি বেসরকারি ব্যাংকের সাবেক কর্মকর্তা সারোয়ার হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।
সিআইডির তথ্য অনুযায়ী, গ্রাহকের নামে ইস্যু করা একটি ক্রেডিট কার্ড ব্যাংকে জমা না দিয়ে নিজের কাছে রেখে দেন তিনি। পরে ভুয়া মোবাইল নম্বর ও ঠিকানা ব্যবহার করে কার্ডটি নিয়ন্ত্রণে নিয়ে বিভিন্ন সময় অনলাইন ও আর্থিক লেনদেন করেন বলে অভিযোগ উঠেছে।
তদন্তে জানা গেছে, ২০১৭ সাল থেকে ২০২২ সালের মাঝামাঝি সময় পর্যন্ত ওই কার্ড ব্যবহার করে মোট ১৭ লাখ ৭০ হাজার টাকার বেশি লেনদেন হয়। এর মধ্যে বড় একটি অংশ পরিশোধ করা হলেও প্রায় সাড়ে পাঁচ লাখ টাকা আত্মসাৎ করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে তদন্ত সংস্থা।
অভিযোগ অনুযায়ী, ওটিপি ও কার্ড সংক্রান্ত তথ্য নিজের নিয়ন্ত্রণে রেখে ধাপে ধাপে এই লেনদেন চালানো হয়। পরে ভুক্তভোগী গ্রাহক তার নামে থাকা ঋণ ও লেনদেন সম্পর্কে জানতে পেরে বাংলাদেশ ব্যাংকে অভিযোগ করেন। এরপর বিষয়টি তদন্তে আসে এবং মামলা দায়েরের পর অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
সিআইডি জানিয়েছে, তথ্যপ্রযুক্তি বিশ্লেষণ ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রাজধানীর গুলশান এলাকা থেকে তাকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। তদন্ত সংস্থা আরও জানিয়েছে, এই ঘটনায় তার বিরুদ্ধে আরও কোনো প্রতারণার অভিযোগ রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

