সাউথইস্ট ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) নুরুদ্দিন মো. ছাদেক হোসেন পদত্যাগ করেছেন। অসুস্থতার কারণ দেখিয়ে গত ২৮ জুলাই ব্যাংকটির চেয়ারম্যান বরাবর পদত্যাগপত্র জমা দেন তিনি।
এর আগে, চলতি বছরের ৪ মে ব্যাংকের পরিচালনা পর্ষদ তাঁকে তিন মাসের ছুটিতে পাঠিয়েছিল। এই ছুটি আগামী ৪ আগস্ট পর্যন্ত কার্যকর থাকবে। ওই সময় থেকে ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক (এএমডি) আবিদুর রহমান চৌধুরী এমডি (চলতি দায়িত্ব) হিসেবে দায়িত্ব পালন করছেন।
নুরুদ্দিন মো. ছাদেক হোসেন ২০২৩ সালের ৫ এপ্রিল সাউথইস্ট ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে নিয়োগ পান। এর আগে তিনি একই ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) হিসেবে দায়িত্ব পালন করেছেন।

