চট্টগ্রামের মীরসরাইয়ে অবস্থিত বেপজা অর্থনৈতিক অঞ্চলে তাঁবু ও ক্যাম্পিং পণ্য উৎপাদনের একটি বড় শিল্প কারখানা গড়ে তুলতে যাচ্ছে ব্রিটিশ ভার্জিন আইল্যান্ড ও হংকংভিত্তিক সানশাইন আউটডোর (বিডি) কোম্পানি লিমিটেড। প্রকল্পটিতে প্রায় ১৫ মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগের ঘোষণা এসেছে।
এ লক্ষ্যে গতকাল বুধবার ঢাকার বেপজা কমপ্লেক্সে বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষ (বেপজা) এবং সানশাইন আউটডোর (বিডি) কোম্পানি লিমিটেডের মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়। চুক্তিতে বেপজার নির্বাহী পরিচালক (বিনিয়োগ উন্নয়ন) মো. তানভীর হোসেন এবং সানশাইন আউটডোর (বিডি) কোম্পানি লিমিটেডের চেয়ারম্যান লিয়াং ডিফা স্বাক্ষর করেন। অনুষ্ঠানে উপস্থিত থেকে স্বাক্ষর কার্যক্রম প্রত্যক্ষ করেন বেপজার নির্বাহী চেয়ারম্যান মেজর জেনারেল মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন।
প্রস্তাবিত এই কারখানায় বার্ষিক প্রায় ১৫ লাখ ইউনিট তাঁবু, ক্যানোপি, ব্যাগ, ডাফেল ব্যাগ, পানি প্রতিরোধী ব্যাগ, তারপুলিন, ভাঁজযোগ্য বালিশ ও তোষক, এয়ার পিলো, মশারি, কার্পেট, মাদুর, ভাঁজযোগ্য চেয়ার, স্লিপিং ব্যাগ এবং বিভিন্ন ধরনের ঝুড়ি উৎপাদন করা হবে।
এই প্রকল্প বাস্তবায়িত হলে প্রায় ২ হাজার ৯৭৫ জন বাংলাদেশি নাগরিকের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে বলে জানানো হয়েছে। অনুষ্ঠানে বেপজার নির্বাহী চেয়ারম্যান বলেন, বাংলাদেশকে বিনিয়োগ গন্তব্য হিসেবে বেছে নেওয়ায় প্রতিষ্ঠানটিকে ধন্যবাদ জানানো হয়েছে। পাশাপাশি বেপজা অর্থনৈতিক অঞ্চলে ব্যবসা পরিচালনায় সব ধরনের সহযোগিতার আশ্বাসও দেওয়া হয়। তিনি আরও আশা প্রকাশ করেন, এই বিনিয়োগ বেপজার রপ্তানি বহুমুখীকরণের উদ্যোগকে আরও গতিশীল করবে।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বেপজার সদস্য (প্রকৌশল) আবদুল্লাহ আল মামুন, নির্বাহী পরিচালক (এন্টারপ্রাইজ সার্ভিসেস) মো. খুরশিদ আলম, নির্বাহী পরিচালক (প্রশাসন) সমীর বিশ্বাস, নির্বাহী পরিচালক (অতিরিক্ত দায়িত্ব, জনসংযোগ) খাদিজা পারভীনসহ বেপজার ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

