চলতি অর্থবছরের ১০ মাস পার হলেও দেশের বেশ কয়েকটি মন্ত্রণালয় ও বিভাগ উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে আশানুরূপ অগ্রগতি দেখাতে পারেনি। এমনকি ১১টি মন্ত্রণালয় ও বিভাগ তাদের মোট বরাদ্দের ২৫ শতাংশ অর্থও খরচ করতে ব্যর্থ হয়েছে। এতে উন্নয়ন কর্মকাণ্ডের গতি নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে।
পরিকল্পনা মন্ত্রণালয়ের বাস্তবায়ন, পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগ (আইএমইডি) শনিবার বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) বাস্তবায়নের সর্বশেষ প্রতিবেদন প্রকাশ করেছে। প্রতিবেদনে দেখা যায়, অর্থবছরের জুলাই থেকে এপ্রিল পর্যন্ত সময়ে বহু প্রকল্পে ব্যয় হয়েছে অত্যন্ত কম।
সবচেয়ে হতাশাজনক চিত্র দেখা গেছে সংসদবিষয়ক সচিবালয়ের একটি উন্নয়ন প্রকল্পে। প্রকল্পটির জন্য চলতি অর্থবছরে ২০ লাখ টাকা বরাদ্দ রাখা হলেও ১০ মাসে একটি টাকাও ব্যয় করা সম্ভব হয়নি।
স্বাস্থ্যসেবা বিভাগের অবস্থাও খুব একটা ভালো নয়। বিভাগের ১৮টি প্রকল্পে মোট ৩ হাজার ১২৮ কোটি টাকা বরাদ্দ থাকলেও ১০ মাসে ব্যয় হয়েছে মাত্র ৬৯৩ কোটি টাকা। ফলে বাস্তবায়নের হার দাঁড়িয়েছে ২২ শতাংশে।
একইভাবে স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের ১৪টি প্রকল্পে ১ হাজার ৩৫৪ কোটি টাকা বরাদ্দ থাকলেও ব্যয় হয়েছে মাত্র ২৩৯ কোটি টাকা। এই বিভাগের বাস্তবায়ন হার প্রায় ১৮ শতাংশ।
আইএমইডির প্রতিবেদনে বলা হয়েছে, যেসব মন্ত্রণালয় ও বিভাগ বরাদ্দের ২৫ শতাংশও ব্যয় করতে পারেনি, সেগুলোর মধ্যে রয়েছে সংসদবিষয়ক সচিবালয়, স্বাস্থ্যসেবা বিভাগ, স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ, প্রধানমন্ত্রীর কার্যালয়, জননিরাপত্তা বিভাগ, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়, ডাক ও টেলিযোগাযোগ বিভাগ, বাণিজ্য মন্ত্রণালয়, অভ্যন্তরীণ সম্পদ বিভাগ (আইআরডি), নির্বাচন কমিশন সচিবালয় এবং আর্থিক প্রতিষ্ঠান বিভাগ।
সামগ্রিক চিত্রেও দেখা গেছে উন্নয়ন ব্যয়ের গতি কমেছে। চলতি অর্থবছরের প্রথম ১০ মাসে এডিপির আওতায় ব্যয় হয়েছে ৮৬ হাজার ৫১৬ কোটি টাকা। বাস্তবায়নের হার ৪১ দশমিক ৪১ শতাংশ। আগের অর্থবছরের একই সময়ে ব্যয় হয়েছিল ৯৩ হাজার ৪২৫ কোটি টাকা। অর্থাৎ এবার ব্যয় কমেছে ৬ হাজার ৯০৯ কোটি টাকা।
চলতি অর্থবছরে এডিপির মোট আকার ধরা হয়েছে ২ লাখ ৮ হাজার ৯৩৫ কোটি টাকা। সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, প্রকল্প বাস্তবায়নে দীর্ঘদিনের সক্ষমতার ঘাটতি রয়েছে। পাশাপাশি বিগত অন্তর্বর্তী সরকারের সময় প্রকল্প যাচাই-বাছাই এবং ব্যয়ে কৃচ্ছ্রসাধনের কারণে উন্নয়ন কার্যক্রমের গতি আরও ধীর হয়েছে।

