আগামী ১৪ এপ্রিল পহেলা বৈশাখে দেশের কৃষকদের জন্য ‘কৃষক কার্ড’ বিতরণের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সরকারের এই উদ্যোগের লক্ষ্য কৃষকদের সরকারি সুবিধা এবং আধুনিক সেবা সহজে পৌঁছে দেওয়া।
আজ রবিবার (১৫ মার্চ) বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ে অনুষ্ঠিত একটি উচ্চ পর্যায়ের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সভায় উপস্থিত ছিলেন কৃষি মন্ত্রণালয়ের মন্ত্রী আমিন উর রশিদ, প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু, প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর, ডাক ও তথ্যপ্রযুক্তি বিষয়ক উপদেষ্টা রেহান আসিফ আসাদ এবং স্থানীয় সরকার মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
কৃষক কার্ডের মাধ্যমে কৃষকরা সরকারি সুযোগ-সুবিধা এবং আধুনিক কৃষি সেবা আরও সহজে গ্রহণ করতে পারবেন। উদ্বোধনের পর ধাপে ধাপে সারা দেশের কৃষকদের হাতে এই কার্ড বিতরণ করা হবে।

