রাজধানীর মোহাম্মদপুরে চব্বিশের জুলাই গণঅভ্যুত্থান চলাকালে সংঘটিত হত্যাকাণ্ডের ঘটনায় করা মানবতাবিরোধী অপরাধের মামলায় নতুন অগ্রগতি হয়েছে। এ ঘটনায় ২৮ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের বিষয়ে শুনানির জন্য আগামী ৮ এপ্রিল দিন নির্ধারণ করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
আজ রোববার (১৫ মার্চ) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ আদেশ দেন। আদালত জানান, ওই দিন আসামিদের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের বিষয়ে শুনানি অনুষ্ঠিত হবে।
মামলার উল্লেখযোগ্য আসামিদের মধ্যে রয়েছেন সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের তৎকালীন মেয়র শেখ ফজলে নূর তাপস, ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সাবেক কমিশনার হাবিবুর রহমান, সাবেক অতিরিক্ত ডিআইজি প্রলয় কুমার জোয়ারদার এবং ডিএমপির সাবেক যুগ্ম পুলিশ কমিশনার বিপ্লব কুমার সরকার। এছাড়া স্থানীয় কয়েকজন কাউন্সিলর ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, যুবলীগ এবং ছাত্রলীগের একাধিক নেতাকর্মীকেও মামলার আসামি করা হয়েছে।
মামলার চার আসামি বর্তমানে গ্রেপ্তার রয়েছেন। তারা হলেন নিষিদ্ধ ছাত্রলীগের মোহাম্মদপুর থানা শাখার সভাপতি নাঈমুল হাসান রাসেল, সহসভাপতি সাজ্জাদ হোসেন, ওমর ফারুক এবং ফজলে রাব্বি। রোববার সকালে তাদের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়। এর আগে গত ১৮ জানুয়ারি প্রসিকিউশনের দাখিল করা আনুষ্ঠানিক অভিযোগ আমলে নেন ট্রাইব্যুনাল-১। একইসঙ্গে মামলার ২৮ আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়।
প্রসিকিউশনের অভিযোগ অনুযায়ী, মামলায় তিনটি পৃথক অভিযোগ আনা হয়েছে। এতে বলা হয়, ২০২৪ সালের ১৮ ও ১৯ জুলাই ছাত্র-জনতার আন্দোলনের সময় আওয়ামী লীগ, ছাত্রলীগ এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা নৃশংস হামলা চালায়। আসামিদের উসকানি, প্ররোচনা এবং প্রত্যক্ষ বা পরোক্ষ উপস্থিতিতে আন্দোলনরত সাধারণ ছাত্র ও নাগরিকদের ওপর গুলি চালানো হয়। এ ঘটনায় মাহমুদুর রহমান সৈকত ও ফারহান ফাইয়াজসহ মোট ৯ জন নিহত হন। এছাড়া আহত হন আরও অনেক মানুষ।

