আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচার প্রক্রিয়ার স্বচ্ছতা রক্ষায় কোনো ধরনের ছাড় দেওয়া হবে না বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। তিনি বলেছেন, ট্রাইব্যুনালের ভাবমূর্তি অক্ষুণ্ণ রাখতে প্রয়োজনীয় সব পদক্ষেপ নেওয়া হবে।
আজ রোববার (১৫ মার্চ) দুপুরে অনৈতিক কর্মকাণ্ডের তথ্য অনুসন্ধানে গঠিত ফ্যাক্টস ফাইন্ডিং কমিটির দ্বিতীয় বৈঠকের আগে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন। চিফ প্রসিকিউটর বলেন, বিচার প্রক্রিয়ার স্বচ্ছতা বজায় রাখতে যা যা করণীয়, ট্রাইব্যুনাল তা করবে। কোনো ধরনের বিতর্ক সৃষ্টি করতে পারে এমন কর্মকাণ্ড থেকে বিরত থাকার ব্যাপারেও সতর্ক থাকার কথা জানান তিনি।
তিনি আরও বলেন, প্রত্যেকের জন্য ন্যায়বিচার নিশ্চিত করা ট্রাইব্যুনালের প্রধান লক্ষ্য। কোনো নির্দোষ ব্যক্তি যাতে হয়রানির শিকার না হন এবং কোনো অপরাধী যাতে দায় এড়িয়ে যেতে না পারেন, সে বিষয়টি নিশ্চিত করতেই স্বচ্ছতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ কারণে ট্রাইব্যুনালের ভাবমূর্তি রক্ষায় কোনো ধরনের ছাড় দেওয়া হবে না বলেও উল্লেখ করেন তিনি।
চিফ প্রসিকিউটরের নেতৃত্বে গঠিত পাঁচ সদস্যের এই কমিটির অন্য সদস্যরা হলেন প্রসিকিউটর আবদুস সোবহান তরফদার, নতুন নিয়োগ পাওয়া প্রসিকিউটর মার্জিনা রহমান মদিনা, মোহাম্মদ জহিরুল আমিন এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের ল’ রিসার্চ অফিসার সিফাতুল্লাহ।
কমিটির দায়িত্ব হলো প্রসিকিউশন টিমের কোনো সদস্য বা সংশ্লিষ্ট ব্যক্তি অনৈতিক কর্মকাণ্ডে জড়িত কি না, সে বিষয়ে তথ্য উদঘাটন করা। তবে সম্প্রতি পদত্যাগ করা প্রসিকিউটর সাইমুম রেজা তালুকদার-এর বিরুদ্ধে জামিনের বিনিময়ে এক কোটি টাকা দাবি করার অভিযোগ ওঠার পরিপ্রেক্ষিতেই এ ফ্যাক্টস ফাইন্ডিং কমিটি গঠন করা হয়েছে।

