রাজধানীর ভাটারা থানায় দায়ের করা একটি হত্যাচেষ্টা মামলায় নাসা গ্রুপের চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদারকে গ্রেফতার দেখানোর অনুমতি দিয়েছেন আদালত। আজ রবিবার (১৫ মার্চ) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ এহসানুল ইসলামের আদালত পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন।
আসামিপক্ষের আইনজীবী সাইদুর ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, নজরুল ইসলামের বিরুদ্ধে ইতোমধ্যে ২০টির বেশি মামলা রয়েছে। মামলার তদন্ত কর্মকর্তা ভাটারা থানার উপপরিদর্শক মো. হাফিজুর রহমান গত ১১ মার্চ আদালতে গ্রেফতার দেখানোর আবেদন করেন। আবেদনে বলা হয়, জুলাই আন্দোলনের সময় হত্যার উদ্দেশ্যে ছুরিকাঘাত ও গুলি চালিয়ে আহত করার ঘটনায় নজরুল ইসলাম মজুমদারের সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়া গেছে। তদন্তে আরও তথ্য উঠে এসেছে যে, তিনি মামলার অন্য আসামিদের আর্থিক সহায়তা ও বিভিন্ন ধরনের সহযোগিতা দিয়েছেন।
মামলার অভিযোগে বলা হয়েছে, ২০২৪ সালের ১৬ জুলাই বৈষম্যবিরোধী আন্দোলন নিয়ে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার এক বক্তব্যের পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা মিছিল বের করেন। এর প্রেক্ষিতে ১৮ জুলাই থেকে ছাত্রদের মিছিল দমন করা শুরু হয়। ওই দিন মামলার এজাহারভুক্ত ও অজ্ঞাত আসামিরা বাদী রোহান এবং তার বন্ধুদের লক্ষ্য করে গুলি চালায়। এতে তারা গুরুতর আহত হন।
এর আগে, ২০২৪ সালের ১ অক্টোবর রাতে রাজধানীর গুলশান এলাকা থেকে নজরুল ইসলাম মজুমদারকে গ্রেফতার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। বর্তমানে তিনি কারাগারে আটক আছেন।

