জাতীয় সংসদে কাগজ থেকে পুরো বক্তব্য পড়ে শোনানো সংসদের প্রচলিত নিয়মের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয় বলে মন্তব্য করেছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। তিনি সংসদ সদস্যদের নোট দেখে ধারণা নিয়ে সরাসরি সংসদের দিকে তাকিয়ে বক্তব্য দেওয়ার অভ্যাস গড়ে তোলার আহ্বান জানিয়েছেন।
আজ রবিবার (১৫ মার্চ) জাতীয় সংসদের অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণের ওপর আলোচনার সময় স্পিকার এ মন্তব্য করেন। ওই সময় জামায়াতের সংসদ সদস্য মাসুদ বিন সাঈদী এবং ইসলামী আন্দোলনের সংসদ সদস্য অলি উল্লাহ লিখিত বক্তব্য থেকে পড়ে বক্তব্য দিচ্ছিলেন।
বক্তব্য চলাকালে স্পিকার মাসুদ বিন সাঈদীকে উদ্দেশ্য করে বলেন, সংসদে সরাসরি কাগজ থেকে পড়ে বক্তব্য দেওয়া গ্রহণযোগ্য নয়। প্রয়োজন হলে নোট ব্যবহার করা যেতে পারে, তবে বক্তব্য দিতে হবে সংসদের দিকে তাকিয়ে—এটাই সংসদের প্রচলিত রীতি।
পরে একই বিষয়ে অলি উল্লাহকে উদ্দেশ্য করেও স্পিকার একই ধরনের মন্তব্য করেন। তিনি বলেন, সংসদ সদস্যদের উচিত মুখস্থ বা নোটের সহায়তায় বক্তব্য দেওয়া এবং সংসদের নিয়ম ও রীতি অনুসরণ করা। সংসদের কার্যপ্রণালী বিধি অনুযায়ী লিখিত বক্তব্য হুবহু পাঠ করতে চাইলে আগে স্পিকারের অনুমতি নিতে হয় বলেও তিনি স্মরণ করিয়ে দেন।
এদিকে আলোচনায় অংশ নিয়ে পিরোজপুর-১ আসনের সংসদ সদস্য মাসুদ বিন সাঈদী বলেন, তাঁর নির্বাচনী এলাকার মানুষ নানা বাঁধা অতিক্রম করে তাকে যে দায়িত্ব দিয়েছেন, তিনি সেই দায়িত্ব যথাযথভাবে পালনের চেষ্টা করবেন। তিনি তাঁর বাবা দেলোয়ার হোসেন সাঈদীর আদর্শ অনুসরণ করে এলাকায় উন্নয়ন এবং দেশে ন্যায়বিচার প্রতিষ্ঠার অঙ্গীকার ব্যক্ত করেন।
বক্তব্যে তিনি ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধ এবং ২০২৪ সালের জুলাই–আগস্টের গণঅভ্যুত্থানে নিহতদের স্মরণ করেন। একই সঙ্গে শিক্ষা ব্যবস্থা ও বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন। দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার প্রয়োজনীয়তার কথা তুলে ধরে তিনি বলেন, গত ১৫ বছরে সড়ক ও জনপথ বিভাগে প্রায় ৫২ হাজার কোটি টাকার অনিয়মের অভিযোগ সামনে এসেছে। সরকারি সুবিধা এবং শুল্কমুক্ত গাড়ি ব্যবহারের সংস্কৃতি পরিহারের আহ্বানও জানান তিনি।
এ সময় তিনি বলেন, সংবিধান সংস্কার পরিষদের শপথ গ্রহণ না করায় বিএনপির অবস্থান নিয়ে সাধারণ মানুষের মধ্যে নানা প্রশ্ন তৈরি হয়েছে। জনগণের প্রত্যাশা অনুযায়ী দলটি সংবিধান সংস্কারের পক্ষে থাকবে কি না—তা নিয়েও আলোচনা চলছে বলে মন্তব্য করেন তিনি।
এর আগে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ “জুলাই আবেগ নয়, আবেগ দিয়ে রাষ্ট্র পরিচালিত হয় না” এমন মন্তব্য করেছিলেন। এ বক্তব্যের সমালোচনা করে মাসুদ বিন সাঈদী বলেন, জুলাই শুধু আবেগের বিষয় নয়, এর পেছনে বাস্তব পরিস্থিতিও রয়েছে। তিনি আরও বলেন, সংবিধানের ১৫২ অনুচ্ছেদ অনুযায়ী জারি করা সব অধ্যাদেশই আইন হিসেবে বিবেচিত হয়। তাই এসব বিষয়ে দায়িত্বশীল মন্তব্য করা সবার জন্য জরুরি।

