দেশের বিভিন্ন অঞ্চলে আজ ঝড়ো আবহাওয়ার সম্ভাবনার কথা জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অফিস। পূর্বাভাস অনুযায়ী, ঢাকাসহ দেশের অন্তত ১৫টি জেলার ওপর দিয়ে ঘণ্টায় সর্বোচ্চ ৮০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এর সঙ্গে বজ্রবৃষ্টি হওয়ারও আশঙ্কা রয়েছে।
সোমবার ১৬ মার্চ দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া এক সতর্কবার্তায় এই তথ্য জানানো হয়েছে।
আবহাওয়াবিদ নাজমুল হক-এর স্বাক্ষর করা বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রংপুর, দিনাজপুর, বগুড়া, যশোর, কুষ্টিয়া, ফরিদপুর, মাদারীপুর, ঢাকা, ময়মনসিংহ, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম ও সিলেট জেলার ওপর দিয়ে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে অস্থায়ীভাবে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।
এই ঝড়ের গতি ঘণ্টায় ৬০ থেকে ৮০ কিলোমিটার পর্যন্ত হতে পারে বলে জানানো হয়েছে। পাশাপাশি কোথাও কোথাও বৃষ্টি কিংবা বজ্রবৃষ্টিও হতে পারে।
নদীবন্দরগুলোকে সতর্ক সংকেত
সম্ভাব্য ঝড়ো আবহাওয়ার কারণে এসব জেলার নদীবন্দরগুলোকে ২ নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে। এতে নদীপথে চলাচলকারী নৌযানগুলোকে সতর্ক হয়ে চলাচলের নির্দেশ দেওয়া হয়েছে।
আবহাওয়া অধিদপ্তরের আরেকটি পূর্বাভাসে বলা হয়েছে, আজ সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের সব বিভাগেই অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে।
কিছু কিছু এলাকায় শিলাবৃষ্টি হওয়ার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া হচ্ছে না।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, বজ্রবৃষ্টিপাতের এই পরিস্থিতি আগামী কয়েক দিন পর্যন্ত অব্যাহত থাকতে পারে। তাই ঝড়ো হাওয়া ও বজ্রপাতের সময় খোলা জায়গায় অবস্থান না করা এবং প্রয়োজন ছাড়া নদীপথে যাতায়াত এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে।

