দেশজুড়ে পানি নিষ্কাশন ও জলাধার পুনরুদ্ধারের লক্ষ্যে বড় পরিসরের খাল খনন উদ্যোগ শুরু করতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ সোমবার (১৬ মার্চ) দিনাজপুর জেলার কাহারোল উপজেলার সাহাপাড়ায় খাল খননের মাধ্যমে এই কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে।
সরকারের পরিকল্পনা অনুযায়ী, প্রথম ধাপে আগামী ছয় মাসের মধ্যে প্রায় ১ হাজার ২০০ কিলোমিটার নদী, নালা ও খাল পুনঃখননের কাজ সম্পন্ন করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। দীর্ঘমেয়াদি পরিকল্পনার অংশ হিসেবে আগামী পাঁচ বছরে সারাদেশে মোট প্রায় ২০ হাজার কিলোমিটার জলাধার ও খাল পুনঃখননের উদ্যোগ নেওয়া হয়েছে।
সরকারি সফরসূচি অনুযায়ী, সোমবার সকাল সোয়া ১০টার দিকে সৈয়দপুর বিমানবন্দর থেকে দিনাজপুরের কাহারোল উপজেলার বলরামপুর এলাকার উদ্দেশে রওনা হবেন প্রধানমন্ত্রী। বেলা সাড়ে ১১টার দিকে সাহাপাড়া খালের কাজ শুরু করার মধ্য দিয়ে দেশের আরও ৫৩টি স্থানে একই সময়ে খাল খনন কার্যক্রম শুরু হবে। অনুষ্ঠান শেষে এলাকার অসহায় ও দরিদ্র পরিবারের মাঝে সহায়তার অংশ হিসেবে ছাগল বিতরণ করবেন প্রধানমন্ত্রী। পরে সেখানে আয়োজিত জনসভায় তিনি বক্তব্য দেওয়ার কথা রয়েছে।
দিনাজপুর সফরের অংশ হিসেবে বিকেল সাড়ে ৩টার দিকে শহরের উপশহর এলাকায় অবস্থিত ফরিদপুর কবরস্থানে গিয়ে নিজের নানা-নানি ও অন্যান্য স্বজনদের কবর জিয়ারত করবেন তারেক রহমান। এরপর বিকেল ৫টার দিকে দিনাজপুর শহরের গোর-এ-শহিদ বড় ময়দানে আয়োজিত এক সুধী সমাবেশে অংশ নেবেন তিনি। সেখানে ইফতার ও দোয়া মাহফিলেও উপস্থিত থাকার কথা রয়েছে। দিনের কর্মসূচি শেষ করে সন্ধ্যা পৌনে ৭টার দিকে প্রধানমন্ত্রীর ঢাকায় ফেরার কথা রয়েছে।

