বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের পরিদর্শন ও নিরীক্ষা প্রতিবেদনের ব্রডশিটের জবাব নির্ধারিত সময়ের মধ্যে পাঠাতে কড়া নির্দেশনা দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। নির্দেশনা অনুযায়ী, ১৫ কার্যদিবসের মধ্যে জবাব জমা না দিলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান প্রধানের এমপিও স্থগিত বা বাতিল করা হতে পারে।
সম্প্রতি মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ–এর অভ্যন্তরীণ নিরীক্ষা শাখা থেকে জারি করা এক চিঠিতে এ নির্দেশনা দেওয়া হয়েছে। সেখানে বলা হয়, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে পরিদর্শনের পর পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তর ব্রডশিট আকারে আপত্তি ও পর্যবেক্ষণ পাঠালেও অনেক প্রতিষ্ঠান দীর্ঘ সময় ধরে তার জবাব দেয় না।
চিঠিতে উল্লেখ করা হয়, দীর্ঘ বিলম্বের কারণে সংশ্লিষ্ট শিক্ষক বা কর্মচারীদের কেউ অবসরে চলে যান কিংবা মৃত্যুবরণ করেন। ফলে প্রতিবেদনে উত্থাপিত গুরুতর আর্থিক বা প্রশাসনিক আপত্তির যথাযথ নিষ্পত্তি করা কঠিন হয়ে পড়ে।
মন্ত্রণালয় আরও জানিয়েছে, সময়মতো ব্রডশিটের জবাব না পাওয়ায় বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের প্রশাসনিক ও আর্থিক কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করা বাধাগ্রস্ত হচ্ছে। এ ধরনের বিলম্বকে প্রতিষ্ঠান প্রধানদের দায়িত্ব পালনে অবহেলা হিসেবে বিবেচনা করা হবে।
এ অবস্থায় যেসব প্রতিষ্ঠানের ব্রডশিটের জবাব এখনো বকেয়া রয়েছে, সেগুলো আগামী ১৫ কার্যদিবসের মধ্যে সরাসরি পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। নির্ধারিত সময়সীমার মধ্যে জবাব না এলে এমপিও নীতিমালা–২০২৫–এর ১৮.১ (খ) ধারা অনুযায়ী সরকার বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নির্দেশনা অমান্য করার দায়ে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান প্রধানের এমপিও সাময়িকভাবে স্থগিত অথবা বাতিল করা হতে পারে বলে চিঠিতে সতর্ক করা হয়েছে।

