রাজধানী ঢাকার হাইকোর্ট প্রাঙ্গণে অবস্থিত জাতীয় ঈদগাহ ময়দানে এবার পবিত্র ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত হবে সকাল ৮টা ৩০ মিনিটে। তবে আবহাওয়া অনুকূলে না থাকলে বিকল্প হিসেবে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে জামাতের আয়োজন করা হবে।
আজ সোমবার (১৬ মার্চ) সকালে জাতীয় ঈদগাহ ময়দান পরিদর্শনের পর এ তথ্য জানান ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক মো. আব্দুস সালাম। তিনি বলেন, ঈদের প্রধান জামাতে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, মন্ত্রিসভার সদস্য, প্রধান বিচারপতিসহ রাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব অংশ নেবেন।
প্রশাসক জানান, জাতীয় ঈদগাহ ময়দানে একসঙ্গে প্রায় ৩৫ হাজার মুসল্লি নামাজ আদায় করতে পারবেন এমন ব্যবস্থা রাখা হয়েছে। এছাড়া ভিআইপি ব্লকে পুরুষদের জন্য ২৫০ জন এবং নারীদের জন্য ৮০ জনের পৃথক ব্যবস্থা রাখা হয়েছে।
মুসল্লিদের সুবিধার্থে অজুর স্থান, সুপেয় পানির ব্যবস্থা এবং পর্যাপ্ত পয়োনিষ্কাশন সুবিধা রাখা হয়েছে বলেও জানান তিনি। পাশাপাশি জরুরি সেবার জন্য সার্বক্ষণিক মেডিকেল টিম ও অ্যাম্বুলেন্স প্রস্তুত থাকবে। নিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রাখতে প্রবেশ ও বের হওয়ার জন্য আলাদা গেট রাখা হয়েছে। নারী মুসল্লিদের জন্যও আলাদা নামাজের স্থান ও পৃথক প্রবেশপথ নির্ধারণ করা হয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

