মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক নিরাপত্তা পরিস্থিতির প্রভাব পড়েছে বাংলাদেশের আকাশপথেও। এর ফলে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আজ মঙ্গলবার আরও ২৬টি ফ্লাইট বাতিল করা হয়েছে। এই নিয়ে গত ১৮ দিনে বাতিল হওয়া ফ্লাইটের মোট সংখ্যা দাঁড়িয়েছে ৫৫৭টিতে।
বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) জানিয়েছে, ২৮ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া আঞ্চলিক নিরাপত্তা সংকটের কারণে কয়েকটি মধ্যপ্রাচ্যের দেশ তাদের আকাশসীমা সাময়িকভাবে বন্ধ করে দেয়। এর ফলে বাংলাদেশ থেকে ওইসব দেশের উদ্দেশ্যে পরিচালিত অনেক ফ্লাইট স্থগিত রাখতে হচ্ছে।
বেবিচকের জনসংযোগ বিভাগের কর্মকর্তা কাওছার মাহমুদ বিষয়টি নিশ্চিত করে জানান, পরিস্থিতির কারণে ইরান, ইরাক, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, কাতার এবং জর্ডানের আকাশপথে চলাচল সীমিত হয়ে পড়েছে। এতে করে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে নির্ধারিত একাধিক ফ্লাইট বাতিল করতে হয়েছে।
তিনি আরও বলেন, ২৮ ফেব্রুয়ারি থেকে আজ পর্যন্ত মোট ৫৫৭টি ফ্লাইট বাতিল করা হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত ফ্লাইট সূচিতে অনিশ্চয়তা থাকতে পারে।
বিমানবন্দর সংশ্লিষ্ট সূত্র জানায়, মধ্যপ্রাচ্যে কর্মরত প্রবাসী বাংলাদেশি ও যাত্রীদের যাতায়াতে এর প্রভাব পড়ছে। পরিস্থিতি উন্নতি হলে ধাপে ধাপে ফ্লাইট চলাচল স্বাভাবিক করা হবে।

