আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঘরমুখো মানুষের যাত্রা নিরাপদ রাখতে রাজধানীতে বিশেষ নিরাপত্তা পরিকল্পনা হাতে নিয়েছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। গুরুত্বপূর্ণ পরিবহন টার্মিনাল ও আশপাশের এলাকায় তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থার অংশ হিসেবে মাঠে কাজ করছে ৩২টি টিম।
আজ মঙ্গলবার (১৭ মার্চ) দুপুরে ঢাকার সদরঘাট লঞ্চ টার্মিনালে আয়োজিত এক সংবাদ ব্রিফিংয়ে র্যাব-১০-এর অধিনায়ক ও অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ কামরুজ্জামান এ তথ্য জানান। তিনি বলেন, ঈদের সময় রাজধানী থেকে বিপুল সংখ্যক মানুষ নিজ নিজ জেলায় যাতায়াত করেন। এই সময় যাত্রীদের নিরাপত্তা ও নির্বিঘ্ন যাত্রা নিশ্চিত করতে ঢাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে র্যাবের সদস্যদের মোতায়েন করা হয়েছে। সদরঘাট, সায়েদাবাদ, শ্যামপুর, সূত্রাপুর ও কামরাঙ্গীরচরসহ বেশ কয়েকটি এলাকায় এসব টিম দায়িত্ব পালন করছে।
র্যাব জানিয়েছে, নিয়মিত টহলের পাশাপাশি বিশেষ নিরাপত্তা টহলও পরিচালনা করা হবে। এর মধ্যে থাকবে গাড়ি ও পায়ে হেঁটে টহল কার্যক্রম। প্রয়োজন অনুযায়ী বিভিন্ন স্থানে চেকপোস্ট বসিয়ে যানবাহন ও সন্দেহভাজন ব্যক্তিদের তল্লাশিও চালানো হবে। গোয়েন্দা নজরদারি বাড়াতে ছয়টি সিভিল টিমও কাজ করছে। এসব টিম তথ্য সংগ্রহ ও পরিস্থিতি পর্যবেক্ষণের দায়িত্বে থাকবে।
যাত্রীদের অভিযোগ গ্রহণের জন্য সদরঘাট লঞ্চ টার্মিনাল এবং সায়েদাবাদ বাস টার্মিনালে দুটি কন্ট্রোল রুম চালু করা হয়েছে। সেখানে র্যাব সদস্যরা সার্বক্ষণিক দায়িত্ব পালন করবেন। কেউ অতিরিক্ত ভাড়া আদায় বা যাত্রাপথে হয়রানির শিকার হলে সরাসরি কন্ট্রোল রুমে যোগাযোগ করে অভিযোগ জানাতে পারবেন।
সংবাদ ব্রিফিংয়ে আরও জানানো হয়, ঈদকে সামনে রেখে আইনশৃঙ্খলা রক্ষায় র্যাবের অভিযানও জোরদার করা হয়েছে। সাম্প্রতিক অভিযানে একটি বিদেশি পিস্তল উদ্ধার এবং উল্লেখযোগ্য পরিমাণ গোলাবারুদ জব্দ করা হয়েছে। একই সঙ্গে মাদকবিরোধী অভিযানেও বেশ কিছু মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে।
র্যাবের এই কর্মকর্তা বলেন, ঈদ উপলক্ষে প্রায় পৌনে দুই কোটি মানুষ ঢাকা ছেড়ে নিজ নিজ এলাকায় যেতে পারেন। ফলে রাজধানীর অনেক বাসা ফাঁকা থাকার সম্ভাবনা রয়েছে। এই পরিস্থিতিতে চুরি, ছিনতাই বা ডাকাতির ঝুঁকি এড়াতে শহরের বিভিন্ন এলাকায় বিশেষ নজরদারি বাড়ানো হয়েছে। বিশেষ করে রাতের টহল কার্যক্রম আরও জোরদার থাকবে। তিনি আশা প্রকাশ করেন, আইনশৃঙ্খলা বাহিনীর এই প্রস্তুতির ফলে ঈদযাত্রা নিরাপদ ও স্বস্তিদায়ক হবে।

