আসন্ন মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষা সুষ্ঠু ও নিরাপদভাবে পরিচালনার জন্য প্রতিটি পরীক্ষা কেন্দ্রে পাঁচ সদস্যের একটি ‘কেন্দ্র কমিটি’ গঠনের নির্দেশ দিয়েছে ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড।
আজ মঙ্গলবার (১৭ মার্চ) বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এস. এম. কামাল উদ্দিন হায়দার এ বিষয়ে তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, ঢাকা বোর্ডের অধীন সব জেলার জেলা প্রশাসকদের কাছে এ সংক্রান্ত নির্দেশনা পাঠানো হয়েছে। আগামী ৫ এপ্রিলের মধ্যে গঠিত কমিটির প্রয়োজনীয় কাগজপত্র বোর্ডের উপ-পরীক্ষা নিয়ন্ত্রকের (মাধ্যমিক) দপ্তরে জমা দিতে বলা হয়েছে।
বোর্ডের নির্দেশনায় বলা হয়েছে, জেলা সদর এলাকার পরীক্ষাকেন্দ্রগুলোতে জেলা প্রশাসক কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন। আর উপজেলা বা অন্য এলাকার কেন্দ্রগুলোর ক্ষেত্রে সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এই দায়িত্বে থাকবেন।
কমিটির অন্যান্য সদস্য হিসেবে থাকবেন জেলা বা উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এবং সরকারি ও বেসরকারি বিদ্যালয়ের দুইজন প্রধান শিক্ষক। এছাড়া কেন্দ্রসচিব কমিটির সদস্যসচিব হিসেবে কাজ করবেন। নির্দেশনায় আরও বলা হয়েছে, কমিটির চেয়ারম্যান স্বয়ংক্রিয়ভাবে কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তার দায়িত্ব পালন করবেন। তিনি পরীক্ষাকেন্দ্রে নিরাপত্তা নিশ্চিত করা, প্রয়োজন হলে ১৪৪ ধারা জারি করা এবং প্রশ্নপত্রের গোপনীয়তা রক্ষা করার বিষয়টি তদারকি করবেন।
পরীক্ষা শুরুর তিন দিন আগে ট্রেজারিতে সংরক্ষিত প্রশ্নপত্রের প্যাকেট পরীক্ষা করে দেখার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি পরীক্ষা সুষ্ঠুভাবে পরিচালনার জন্য কেন্দ্রসচিবকে সর্বোচ্চ পাঁচ সদস্যের একটি আলাদা ‘পরীক্ষা পরিচালনা কমিটি’ গঠনের কথাও বলা হয়েছে।
পরীক্ষা কক্ষে তদারকির জন্য প্রতি ২০ জন পরীক্ষার্থীর বিপরীতে একজন ইনভিজিলেটর নিয়োগ দিতে হবে। তবে প্রতিটি কক্ষে অন্তত দুইজন শিক্ষক উপস্থিত থাকতে হবে। এছাড়া পরীক্ষার অন্তত দুই দিন আগে সংশ্লিষ্ট শিক্ষক ও কর্মচারীদের জন্য বিশেষ প্রশিক্ষণের আয়োজন করার নির্দেশ দেওয়া হয়েছে।
পরীক্ষা পরিচালনার খরচ ব্যবস্থাপনার জন্য ‘পরীক্ষা কেন্দ্র তহবিল’ নামে একটি যৌথ ব্যাংক হিসাব খোলার কথা বলা হয়েছে। এই হিসাব কমিটির চেয়ারম্যান ও সচিব যৌথভাবে পরিচালনা করবেন এবং পরীক্ষা শেষে আয়-ব্যয়ের অডিট প্রতিবেদন বোর্ডে জমা দিতে হবে।
বোর্ড আরও জানিয়েছে, কোনো শিক্ষক বা কর্মকর্তার সন্তান যদি ওই বোর্ডের অধীনে পরীক্ষায় অংশ নেয়, তাহলে তিনি কেন্দ্রসচিবের দায়িত্ব পালন করতে পারবেন না। এছাড়া পরীক্ষাকেন্দ্রের আশপাশে অপ্রয়োজনীয় মানুষের উপস্থিতি নিয়ন্ত্রণে কেন্দ্রের ২০০ গজের মধ্যে ১৪৪ ধারা কার্যকর রাখার নির্দেশও দেওয়া হয়েছে।

