রাহাদ সুমন, বরিশাল প্রতিবেদক—
দায়িত্ব গ্রহণ করলেন বরিশাল সিটি করপোরেশনের প্রথম নারী প্রশাসক অ্যাড. শিরীন
নিজ বাসা থেকে হেঁটে এসে বরিশাল সিটি করপোরেশনের (বিসিসি) ইতিহাসে প্রথম নারী প্রশাসক হিসেবে দায়িত্বভার গ্রহণ করেছেন বিএনপি নেত্রী বিলকিস আক্তার জাহান শিরীন।
মঙ্গলবার (১৭ মার্চ) নগরীর কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে সুধী সমাবেশ শেষে বেলা ১২টায় বরিশাল অডিটোরিয়ামে সাবেক প্রশাসক ও বিভাগীয় কমিশনার মো. মাহফুজুর রহমানের কাছ থেকে তিনি দায়িত্ব গ্রহণ করেন।
সুধী সমাবেশে নতুন সিটি প্রশাসক শিরীন বলেন, “আমি রাজপথে রাজনীতি করে মানুষের পাশে থেকে কাজ করার চেষ্টা করেছি। আমি কোনো প্রশাসক বা শাসক হতে চাই না; আমি সেবক হতে চাই—সেবক হয়ে মানুষের কাছে যেতে চাই।”
তিনি আরও বলেন, বরিশালকে একটি সুন্দর ও নিরাপদ শহর হিসেবে গড়ে তোলার স্বপ্ন রয়েছে এখানকার বাসিন্দাদের। বরিশালকে একটি পরিষ্কার-পরিচ্ছন্ন, মাদকমুক্ত শহর হিসেবে যেমন দেখতে চায় সবাই, তেমনি একটি দুর্নীতিমুক্ত নগর ভবনও বরিশালবাসীর প্রত্যাশা। “আমি আপনাদের সঙ্গে কণ্ঠ মিলিয়ে বলতে চাই, এমন একটি শহর গড়ার অঙ্গীকার করছি,” যোগ করেন তিনি।
শিরীন বলেন, “আমি আমার জীবনে সততার সঙ্গে রাজনীতি করেছি। ৪৫ বছরের রাজনৈতিক জীবনে কোনো অন্যায় আমাকে স্পর্শ করতে পারেনি। তাই আপনাদের সঙ্গে নিয়ে বরিশালবাসীর দীর্ঘদিনের স্বপ্নের শহর গড়ে তুলতে চাই।” তিনি আশা প্রকাশ করেন, ১২টি সিটি করপোরেশনের মধ্যে বরিশাল একটি মডেল সিটি করপোরেশন হিসেবে গড়ে উঠবে।
তিনি বলেন, বরিশালকে সুন্দর করতে সবার সম্মিলিত দায়িত্ব রয়েছে। “আমাদের নেতা ও মাননীয় প্রধানমন্ত্রী যে দায়িত্ব দিয়েছেন, সেটি আমি শতভাগ সততা ও নিষ্ঠার সঙ্গে পালন করতে চাই।”
তিনি আরও বলেন, পরিচ্ছন্নতাকর্মীদের জন্য প্রধানমন্ত্রীর দেওয়া ঈদ উপহার কর্মসূচির মাধ্যমে তিনি কাজ শুরু করতে চান। “শহর পরিষ্কার থাকলে মনও পরিষ্কার থাকে, পরিবেশ ভালো থাকে। এভাবেই আমরা একটি সুন্দর বরিশাল গড়ে তুলতে পারব।”
এ সময় তিনি গণমাধ্যমকর্মীদের সহযোগিতা কামনা করে বলেন, “বস্তুনিষ্ঠ লেখনীর মাধ্যমে আমাদের ভালো কাজ তুলে ধরবেন, ভুলত্রুটিও তুলে ধরবেন। তবে ভুল তথ্য প্রকাশ করবেন না—এটাই আমার অনুরোধ।”
বক্তব্যের শুরুতে তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, বীর মুক্তিযোদ্ধা ও জুলাই যোদ্ধাদের স্মরণ করেন।
দায়িত্ব গ্রহণ অনুষ্ঠানে বরিশাল সিটি করপোরেশনসহ বিভিন্ন দপ্তর ও প্রতিষ্ঠানের কর্মকর্তা, স্থানীয় জনগণ এবং বিএনপির নেতারা উপস্থিত ছিলেন।

