বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি)-এর নতুন চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (একাডেমিক) প্রফেসর ড. মামুন আহমেদ। আজ বুধবার (১৮ মার্চ) তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন। শিক্ষা মন্ত্রণালয়ের জারি করা প্রজ্ঞাপনের মাধ্যমে তাঁকে চার বছরের জন্য এই পদে নিয়োগ দেওয়া হয়েছে।
শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের প্রজ্ঞাপন অনুযায়ী গত ১৬ মার্চ ড. মামুন আহমেদকে ইউজিসির চেয়ারম্যান পদে নিয়োগ দেওয়া হয়। যোগদানের দিন থেকেই তাঁর চার বছরের মেয়াদ কার্যকর হয়েছে। তিনি বিদায়ী চেয়ারম্যান প্রফেসর ড. এস এম এ ফায়েজের কাছ থেকে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব বুঝে নেন।
দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠানে ইউজিসির সদস্য প্রফেসর ড. মোহাম্মদ তানজীমউদ্দিন খান, প্রফেসর ড. মোহাম্মদ আনোয়ার হোসেন, প্রফেসর ড. মো. সাইদুর রহমান, প্রফেসর ড. মাছুমা হাবিব ও প্রফেসর ড. মোহাম্মদ আইয়ুব ইসলামসহ কমিশনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন। ইউজিসির সচিব ড. মো. ফখরুল ইসলামও অনুষ্ঠানে অংশ নেন।
প্রজ্ঞাপন অনুযায়ী, দায়িত্ব পালনের সময় তিনি সরকারি বিধিমালা অনুযায়ী বেতন-ভাতা ও অন্যান্য সুযোগ-সুবিধা পাবেন। ড. মামুন আহমেদ বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (একাডেমিক) হিসেবে দায়িত্ব পালন করছেন। ২০২৪ সালের ১২ সেপ্টেম্বর তিনি এই পদে যোগ দেন। তিনি বিশ্ববিদ্যালয়ের প্রাণরসায়ন ও অণুপ্রাণ বিজ্ঞান বিভাগের অধ্যাপক।
শিক্ষাজীবনে তিনি ১৯৮৯ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণরসায়ন বিভাগ থেকে স্নাতক এবং ১৯৯১ সালে একই বিভাগ থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ১৯৯৬ সালের ২৮ মার্চ প্রভাষক হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে তার শিক্ষকতা জীবনের সূচনা হয়। পরবর্তীতে তিনি ১৯৯৭ সালে সহকারী অধ্যাপক, ২০০৪ সালে সহযোগী অধ্যাপক এবং ২০০৮ সালে পূর্ণ অধ্যাপক পদে উন্নীত হন। একাডেমিক জীবনে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বায়োলজিক্যাল সায়েন্স অনুষদের ডিন হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
গবেষণার ক্ষেত্রেও তার রয়েছে উল্লেখযোগ্য অবদান। তিনি জাপানের নিহন ইউনিভার্সিটি স্কুল অব মেডিসিন থেকে ভাইরোলজি বিষয়ে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। এরপর যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব পিটসবার্গে ট্রান্সলেশনাল ও ক্লিনিক্যাল ভাইরোলজিতে পোস্ট-ডক্টরাল ফেলোশিপ সম্পন্ন করেন। বিদেশেও তিনি গবেষণা ও একাডেমিক কার্যক্রমে যুক্ত ছিলেন। যুক্তরাষ্ট্রের পিটসবার্গের থমাস ই. স্টারজল ট্রান্সপ্লান্ট ইনস্টিটিউট এবং ইউনিভার্সিটি অব নেব্রাস্কা, লিংকনে তিনি রিসার্চ অ্যাসোসিয়েট প্রফেসর হিসেবে কাজ করেছেন।
শিক্ষাদানের ক্ষেত্রে তিনি স্নাতক পর্যায়ে সাধারণ জীব-রসায়ন ও ভাইরোলজি এবং স্নাতকোত্তর পর্যায়ে মলিকুলার ডায়াগনস্টিকস পড়ান। জাতীয় ও আন্তর্জাতিক বিভিন্ন পিয়ার-রিভিউড জার্নালে তার প্রায় ৫৩টি গবেষণা প্রবন্ধ প্রকাশিত হয়েছে। তার গবেষণার মূল ক্ষেত্র ট্রান্সলেশনাল মলিকুলার ভাইরোলজি ও ভাইরাল মলিকুলার ডায়াগনস্টিকস। রোগ নির্ণয়ের আধুনিক পদ্ধতি উদ্ভাবন এবং গবেষণার ফলাফল বাস্তব চিকিৎসা ব্যবস্থায় প্রয়োগে তিনি কাজ করে যাচ্ছেন। এছাড়া তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির নির্বাচিত সাধারণ সম্পাদক ছিলেন এবং তিন মেয়াদে বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

