ঈদের সরকারি ছুটির মধ্যেও রাষ্ট্রীয় দায়িত্ব পালন অব্যাহত রেখেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রাজধানীর গুলশানের বাসভবনে অবস্থান করেই তিনি বিভিন্ন জরুরি সরকারি কার্যক্রম সম্পন্ন করছেন এবং দেশের চলমান পরিস্থিতি সম্পর্কে নিয়মিত খোঁজখবর নিচ্ছেন।
প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানিয়েছেন, ঈদের ছুটি শুরু হলেও প্রধানমন্ত্রী কাজ থেকে বিরতি নেননি। বর্তমানে তিনি গুলশান অ্যাভিনিউয়ের বাসভবনে অবস্থান করছেন এবং সেখান থেকেই গুরুত্বপূর্ণ সরকারি ফাইল ও জরুরি বিষয়গুলো দেখভাল করছেন।
তিনি জানান, প্রধানমন্ত্রী দেশের বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড বিশেষ করে চলমান খাল খনন প্রকল্পগুলোর অগ্রগতি সম্পর্কে বিস্তারিত তথ্য নিচ্ছেন। সংশ্লিষ্ট মন্ত্রীদের সঙ্গে যোগাযোগ করে এসব প্রকল্পের কাজ ঠিকভাবে এগোচ্ছে কি না, তা পর্যবেক্ষণ করছেন তিনি। এছাড়া নগর এলাকাগুলো ঈদ উপলক্ষে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে সিটি করপোরেশনগুলোর মেয়র ও প্রশাসকদের সঙ্গে আলাপ করেছেন প্রধানমন্ত্রী। প্রয়োজনীয় দিকনির্দেশনাও দিয়েছেন তিনি।
ঈদযাত্রাকে নির্বিঘ্ন রাখতে পরিবহন ও নিরাপত্তা পরিস্থিতি সম্পর্কেও খোঁজখবর নিচ্ছেন সরকারপ্রধান। এ বিষয়ে সংশ্লিষ্ট মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের সঙ্গে তার নিয়মিত যোগাযোগ চলছে বলে জানিয়েছে প্রধানমন্ত্রীর কার্যালয়। এর আগে গতকাল মঙ্গলবার সরকারি ছুটি থাকা সত্ত্বেও প্রধানমন্ত্রী সচিবালয়ে উপস্থিত হয়ে অফিস করেন। ওই দিন তিনি ফার্মার্স কার্ড বাস্তবায়ন কমিটির বৈঠক এবং মন্ত্রিসভার সভায় সভাপতিত্ব করেন।

