পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে রাজধানীর সাংস্কৃতিক অঙ্গনে জমতে যাচ্ছে এক বর্ণিল আয়োজন। নগরবাসীর ঈদের আনন্দকে আরও প্রাণবন্ত করতে বিশেষ অনুষ্ঠান আয়োজন করেছে বাংলাদেশ শিল্পকলা একাডেমি।
আগামী ২০ মার্চ শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টায় একাডেমির নন্দনমঞ্চে অনুষ্ঠিত হবে ‘চাঁদ রাতের ঈদ আনন্দ উৎসব’। উৎসবকে কেন্দ্র করে সাজানো হয়েছে নানা সাংস্কৃতিক পরিবেশনা ও দর্শনার্থীদের জন্য বিশেষ আকর্ষণ। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে সংস্কৃতি মন্ত্রণালয়ের সচিব মফিদুর রহমানের। সভাপতিত্ব করবেন একাডেমির মহাপরিচালক শেখ রেজাউদ্দিন আহমেদ।
আয়োজকরা জানিয়েছেন, বিভিন্ন ধর্ম ও সংস্কৃতির মানুষের মধ্যে সম্প্রীতি ও পারস্পরিক শ্রদ্ধাবোধ জোরদার করার লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। একটি সহনশীল ও অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠনে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তারা মনে করেন। সংগীত, নৃত্য ও আবৃত্তির সমন্বয়ে সাজানো এই অনুষ্ঠানে দেশের জনপ্রিয় শিল্পীরা অংশ নেবেন। মঞ্চে গান পরিবেশন করবেন বেবী নাজনীন, ন্যান্সি, পিয়াল হাসান, নোলক বাবু, অনিমেষ রায়, অনন্যা আচার্য্য ও সমীর কাওয়াল।
এছাড়া দর্শনার্থীদের জন্য থাকছে আকর্ষণীয় মেহেদি কর্নার, যা বিশেষ করে তরুণ-তরুণীদের জন্য বাড়তি আনন্দ যোগ করবে। উৎসবটি সবার জন্য উন্মুক্ত থাকবে বলে জানিয়েছে আয়োজক প্রতিষ্ঠান। রাজধানীবাসীকে এই আনন্দঘন আয়োজন উপভোগের আমন্ত্রণ জানানো হয়েছে।

