মহান স্বাধীনতা ও জাতীয় দিবস সামনে রেখে দুই দিনের কর্মসূচি নির্ধারণ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। দলটির পক্ষ থেকে জানানো হয়েছে, দিবসটি যথাযথ মর্যাদায় পালনে কেন্দ্রীয় ও তৃণমূল পর্যায়ে নানা আয়োজন থাকবে।
আজ রবিবার (২২ মার্চ) প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এসব কর্মসূচির বিস্তারিত তুলে ধরেন। ঘোষণা অনুযায়ী, ২৬ মার্চ ভোর ৬টায় নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়সহ সারাদেশের সব কার্যালয়ে জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলন করা হবে। একই দিনে ভোরে সাভারের জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদনের পর বিএনপির পক্ষ থেকেও শ্রদ্ধা জানানো হবে।
এরপর দলের নেতাকর্মীরা ঢাকায় ফিরে স্বাধীনতার ঘোষক ও সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানাবেন। সেখানে ফাতেহা পাঠ ও দোয়া অনুষ্ঠিত হবে। পাশাপাশি জাতীয়তাবাদী ওলামা দলের উদ্যোগে মাজার প্রাঙ্গণে বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করা হবে।
এর আগে ২৫ মার্চ দুপুর সাড়ে ১২টায় রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে একটি আলোচনা সভার আয়োজন করা হয়েছে। এতে দলের শীর্ষ নেতাদের পাশাপাশি বিভিন্ন বিশিষ্ট ব্যক্তি বক্তব্য দেবেন। দিবস উপলক্ষে পোস্টার প্রকাশ এবং বিশেষ ক্রোড়পত্র প্রকাশের পরিকল্পনাও রয়েছে বলে জানানো হয়েছে।
বিএনপির পক্ষ থেকে আরও বলা হয়েছে, দেশের সব জেলা, মহানগর, উপজেলা ও পৌর ইউনিট নিজ নিজ উদ্যোগে আলোচনা সভা ও বিভিন্ন কর্মসূচি পালন করবে। অঙ্গ ও সহযোগী সংগঠনগুলোকেও একইভাবে কার্যক্রম বাস্তবায়নের নির্দেশনা দেওয়া হয়েছে। ঘোষিত কর্মসূচি সফল করতে দলের সব পর্যায়ের নেতাকর্মীদের সক্রিয় অংশগ্রহণের আহ্বান জানিয়েছেন রুহুল কবির রিজভী।

