দেশজুড়ে জ্বালানি তেলের সরবরাহে ঘাটতি তৈরি হওয়ায় যেকোনো সময় পেট্রোল পাম্প বা ফিলিং স্টেশনগুলো বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। এমন পরিস্থিতির কথা জানিয়েছে পেট্রোল পাম্প মালিকদের সংগঠন।
গতকাল রবিবার (২২ মার্চ) রাতে এক বিবৃতিতে সংগঠনটি জানায়, বর্তমানে তেল সরবরাহ পরিস্থিতি অত্যন্ত দুর্বল। প্রতিদিন যে পরিমাণ জ্বালানি তেল সরবরাহ করা হচ্ছে, তা দিয়ে গ্রাহকদের চাহিদা পূরণ করা সম্ভব হচ্ছে না।
সংগঠনের দাবি, দেশের বিপুল সংখ্যক মোটরসাইকেল ও অন্যান্য যানবাহনের কারণে পাম্পগুলোতে তেলের চাহিদা অনেক বেড়ে গেছে। কিন্তু সরবরাহ কম থাকায় ক্রেতাদের দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে থাকতে হচ্ছে। এতে তারা বিরক্ত ও ক্লান্ত হয়ে পড়ছেন।
একই সঙ্গে পাম্পে কর্মরত কর্মীরাও অতিরিক্ত চাপের মধ্যে রয়েছেন। দীর্ঘ সময় বিরামহীন কাজ করতে গিয়ে তাদের সঙ্গে গ্রাহকদের মাঝে বাকবিতণ্ডা ও উত্তেজনা সৃষ্টি হচ্ছে। সব মিলিয়ে পরিস্থিতি ক্রমেই জটিল হয়ে উঠছে বলে উল্লেখ করে সংগঠনটি সতর্ক করেছে, নিরাপত্তা ঝুঁকি এবং পর্যাপ্ত তেল না থাকায় যেকোনো সময় সারাদেশের ফিলিং স্টেশনগুলো বন্ধ হয়ে যেতে পারে।

