চট্টগ্রাম বন্দরে জ্বালানিবাহী জাহাজের আগমন ও খালাস কার্যক্রম স্বাভাবিক গতিতেই চলছে। চলতি মার্চ মাসের শুরু থেকে এখন পর্যন্ত মোট ২৫টি জাহাজ থেকে জ্বালানি খালাস সম্পন্ন হয়েছে বলে বন্দর সূত্র জানিয়েছে।
বর্তমানে বন্দরের জেটি ও বহির্নোঙর এলাকায় একাধিক জাহাজে কাজ চলছে। ওমান থেকে আসা একটি এলপিজিবাহী জাহাজ ইতোমধ্যে খালাস প্রক্রিয়ায় রয়েছে। পাশাপাশি থাইল্যান্ড থেকে বেজ অয়েল নিয়ে আসা আরেকটি জাহাজ বহির্নোঙরের নির্দিষ্ট পয়েন্টে অবস্থান করছে এবং খালাসের অপেক্ষায় আছে।
জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে আরও দু’টি জাহাজ চট্টগ্রামের পথে রয়েছে। ধারণা করা হচ্ছে, এগুলো ২৫ মার্চের মধ্যে বন্দরে পৌঁছাবে। সংশ্লিষ্টরা বলছেন, নির্ধারিত সময় অনুযায়ী এসব জাহাজ পৌঁছালে দেশের জ্বালানি সরবরাহে স্থিতিশীলতা বজায় থাকবে।
চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের মতে, আন্তর্জাতিক বাজারে অস্থিরতা এবং পরিবহনসংক্রান্ত ঝুঁকির কারণে জাহাজ চলাচলের সময়সূচিতে কিছুটা অনিশ্চয়তা দেখা দিয়েছে। এ পরিস্থিতিতে নিয়মিত খালাস কার্যক্রম ধরে রাখা একটি বড় চ্যালেঞ্জ হয়ে উঠেছে। তবে কর্তৃপক্ষ আশাবাদী, নির্ধারিত সময়ের মধ্যে জাহাজ আগমন এবং দ্রুত খালাস নিশ্চিত করা গেলে দেশের জ্বালানি সরবরাহে কোনো ধরনের সংকট তৈরি হবে না।

