নারায়ণগঞ্জের বন্দর উপজেলার ঐতিহ্যবাহী লাঙ্গলবন্দে আদি ব্রহ্মপুত্র নদকে ঘিরে শুরু হতে যাচ্ছে হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম বড় ধর্মীয় আয়োজন মহাষ্টমী স্নানোৎসব। আগামী বুধবার (২৪ মার্চ) বিকাল থেকে শুরু হয়ে বৃহস্পতিবার দুপুর পর্যন্ত চলবে এই পবিত্র স্নান।
আয়োজক সূত্র জানিয়েছে, নির্ধারিত সময় অনুযায়ী বুধবার বিকাল ৫টা ১৭ মিনিটে স্নান কার্যক্রম শুরু হবে এবং শেষ হবে বৃহস্পতিবার দুপুর ২টা ৫৯ মিনিটে। ইতোমধ্যে দেশ-বিদেশ থেকে আসা বিপুল সংখ্যক পুণ্যার্থী লাঙ্গলবন্দে সমবেত হতে শুরু করেছেন।
উৎসবকে কেন্দ্র করে প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে ব্যাপক প্রস্তুতি। পুণ্যার্থীদের সুবিধার্থে ১৮টি স্নানঘাট সংস্কার করা হয়েছে। নদীর কচুরিপানা পরিষ্কার করা হয়েছে এবং বিশুদ্ধ পানির জন্য বসানো হয়েছে ৪৭টি নলকূপ। এছাড়া নারীদের জন্য আলাদা পোশাক পরিবর্তনের ব্যবস্থা এবং প্রায় ১০০টি অস্থায়ী টয়লেট স্থাপন করা হয়েছে।
নিরাপত্তা ব্যবস্থাও জোরদার করা হয়েছে। অতীতের একটি দুর্ঘটনার অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে এবার পুরো এলাকা কঠোর নজরদারির আওতায় আনা হয়েছে। পুলিশ, র্যাব ও আনসারের বিপুল সংখ্যক সদস্য দায়িত্ব পালন করবেন। তিন কিলোমিটার এলাকাজুড়ে বসানো হয়েছে সিসিটিভি ক্যামেরা।
নদীপথে নৌ-পুলিশ এবং সড়কে ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করা হয়েছে। পাশাপাশি সাদা পোশাকে গোয়েন্দা নজরদারি ও ওয়াচ টাওয়ারের মাধ্যমে সার্বক্ষণিক পরিস্থিতি পর্যবেক্ষণ করা হবে। আয়োজকরা জানিয়েছেন, এ বছর পুণ্যার্থীর সংখ্যা অতীতের তুলনায় আরও বেশি হতে পারে। বাংলাদেশ ছাড়াও ভারত, নেপাল, ভুটান ও শ্রীলঙ্কা থেকে আগত ভক্তদের উপস্থিতিতে ইতোমধ্যে এলাকাটি প্রাণচাঞ্চল্যে ভরে উঠেছে।
স্নানোৎসব উপলক্ষে লাঙ্গলবন্দ এলাকায় বসেছে ঐতিহ্যবাহী লোকজ মেলা। ধর্মীয় আবহের পাশাপাশি সাংস্কৃতিক পরিবেশও তৈরি হয়েছে, যেখানে সাধু-সন্তদের ভাবসংগীত পুরো এলাকাকে উৎসবমুখর করে তুলেছে।

