দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই বলে আশ্বস্ত করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। তিনি জনগণকে অযথা উদ্বিগ্ন না হয়ে প্রয়োজন অনুযায়ী তেল সংগ্রহ করার পরামর্শ দিয়েছেন।
আজ সোমবার (২৩ মার্চ) এক সংবাদ সম্মেলনে মন্ত্রী জানান, সরকার ভর্তুকি দিয়ে নিয়মিত তেল আমদানি অব্যাহত রেখেছে। সম্প্রতি ঈদ উপলক্ষে দুই দিন সরবরাহ কার্যক্রম বন্ধ থাকায় সাময়িক কিছু অসুবিধা তৈরি হয়েছিল। তবে বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
তিনি আরও বলেন, গত বছরের তুলনায় এ বছর প্রায় ২৫ শতাংশ বেশি তেল আমদানি করা হচ্ছে। ফলে দেশের চাহিদা পূরণে কোনো সমস্যা হওয়ার কথা নয়। সবার জন্য পর্যাপ্ত জ্বালানি মজুত রয়েছে বলেও তিনি উল্লেখ করেন। জনগণকে শান্ত থাকার আহ্বান জানিয়ে মন্ত্রী বলেন, অতিরিক্ত মজুত করার প্রয়োজন নেই। প্রয়োজন অনুযায়ী তেল নিলেই সরবরাহ ব্যবস্থায় ভারসাম্য বজায় থাকবে।

