বাংলাদেশের নাগরিকদের জন্য অভিবাসী ভিসা সাময়িকভাবে বন্ধ রাখার সিদ্ধান্তের পেছনের কারণ ব্যাখ্যা করেছে ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাস। আজ সোমবার (২৩ মার্চ) প্রকাশিত এক বার্তায় তারা জানায়, যুক্তরাষ্ট্রে কিছু দেশের নাগরিকদের মধ্যে সরকারি কল্যাণমূলক সুবিধা ব্যবহারের হার বেশি হওয়ায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
দূতাবাসের বক্তব্য অনুযায়ী, মার্কিন সরকারের অন্যতম দায়িত্ব হলো করদাতাদের স্বার্থ রক্ষা করা। সে কারণে এমন নীতি অনুসরণ করা হচ্ছে, যাতে নতুন অভিবাসীরা অযৌক্তিকভাবে সরকারি সহায়তার ওপর নির্ভরশীল হয়ে না পড়েন।
বার্তায় আরও বলা হয়, এই সাময়িক স্থগিতাদেশের ফলে অভিবাসন সংক্রান্ত যাচাই-বাছাই প্রক্রিয়া ও নীতিমালা পুনর্মূল্যায়নের সুযোগ তৈরি হবে। এর মাধ্যমে ভবিষ্যতে আরও কার্যকর ও স্বচ্ছ পদ্ধতি নিশ্চিত করা সম্ভব হবে বলে মনে করছে কর্তৃপক্ষ। তবে এই সিদ্ধান্ত শুধুমাত্র অভিবাসী ভিসার ক্ষেত্রে প্রযোজ্য। পর্যটন, শিক্ষা বা অন্যান্য অনভিবাসী ভিসা কার্যক্রম স্বাভাবিকভাবেই চলবে বলে জানানো হয়েছে।

